সিরাজগঞ্জে সাত শতাধিক শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
হরতালে ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের সাত শতাধিক নেতাকর্মীকে আসামি করে সিরাজগঞ্জে দুটি মামলা হয়েছে।
বুধবার রাতে সদর থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় এ মামলা হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, শিবিরের ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো আড়াইশ’ জনকে আসামি করে এসআই জুয়েল আহমেদ বাদী হয়ে একটি মামলা করেছেন।
আর হরতালে সহিংসতার ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় শিবিরকর্মীদের বিরুদ্ধে মামলাটি করেছেন এসআই আসলাম উদ্দিন। তাতে ২০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত চার শতাধিক শিবিরকর্মীকে আসামি করা হয়েভে বলে জানান ওই থানার ওসি মেহেদী হাসান।
বুধবার ইসলামী ছাত্রশিবিরের হরতালের সময় সদর উপজেলার বহুলী বাজারে পুলিশ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন এসআই ও চারজন কনস্টেবল আহত হন।
এছাড়া সিরাজগঞ্জ-নগরবাড়ী সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কয়েক দফা যানবাহন ভাংচুর করে শিবির কর্মীরা।
