২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই পক্ষেরই ধর্মের শরণ

রিয়াজুল বাশার

আশিক হোসেন, আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 06:22 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

জয়দেবপুর পোস্ট অফিসের উল্টো দিকের একটি চায়ের স্টলে নির্বাচন নিয়ে কথা বলছিলেন আইনজীবী সজীব আহমেদ। প্রসঙ্গ মেয়র প্রার্থী আজমত উল্লা খান, আর এম এ মান্নান।

দৌড়ে কাকে এগিয়ে রাখছেন- জিজ্ঞাস করতেই একটু থেমে উত্তর, “আজমত উল্লা সাহেব ভালো মানুষ, সবাই তাকে পছন্দ করে। কিন্তু জাতীয় ইস্যুগুলো সামনে আসায় মান্নান সাহেব কিছুটা বাড়তি সুবিধা পাবেন।”

“তবে কে জিতবে তা এখনি বলা যাচ্ছে না,” সংশয়ের সুর সজীবের।

তবে ৬৫ বছরের শরিফুল ইসলামের মনে কোনো সংশয় নেই।

“গাজীপুরে মান্নান সাহেবের ফিল্ড অনেক ভালো, উনিই এবার জিতবেন,” একদমে বললেন গাজীপুর শহরের জোড়পুকুরের এই বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ৪৫ বছর ধরে গাজীপুর শহরে বাস করা এই বৃদ্ধ নিজের মন্তব্যের পেছনে চারটি যুক্তি দেখালেন।

সেগুলো হলো- হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের সাংঘর্ষিক অবস্থায় যাওয়া, আওয়ামী লীগের শাসনে ‘জনগণের অসন্তুষ্টি’, জাতীয় পার্টির স্থানীয় কিছু নেতার বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে কাজ করা এবং জাহাঙ্গীর আলম নিয়ে ‘নাটক’ তৈরি হওয়া।

“আজমত উল্লা লোক ভালো। তবে মানুষ এবার ব্যক্তি দেখে নয়, দল দেখে ভোট দেবে,“ দাবি প্রবীণ শরিফুল ইসলামের।

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য বিএনপি ও তার জোট জোটসঙ্গীদের হেফাজতে ইসলামকে ইস্যু হিসেবে ব্যবহার করছে বলে সরকারি দলের নেতাদের অভিযোগ।

হেফাজতকর্মীদের বিরোধী দল সমর্থিত মান্নানের পক্ষে প্রচার চালাতেও দেখা যাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে দেখা গেছে, মান্নান জিতবে যারা দাবি করছেন, তারা কারণ হিসেবে হেফাজত ইস্যু এবং জাতীয় রাজনীতিকেই প্রধান করে দেখাচ্ছেন।

হেফাজতে ইসলাম কি আসলেই এই নির্বাচনে প্রভাব ফেলবে- জানতে চাইলে কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, “হেফাজত ধর্মের কথা বলছে, কিন্তু মান্নান সাহেব কি ধর্মপরায়ণ ব্যক্তি? হজের টাকা যে মেরে খায়, তাকে ভোট দেয়া দূরে থাক, তার পক্ষে কোনো ধর্মপ্রাণ মানুষ ভোটও চাইতে পারে না।”

হেফাজতের ধর্মীয় ইস্যুকে মোকাবেলা করতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানরাও এনেছেন ধর্মীয় ইস্যু। প্রায় দুই দশক আগে এমএ মান্নানের হজের বাড়ি ভাড়া কেলেঙ্কারিকে কাজে লাগাচ্ছেন তারা।

Image
গাজীপুর সিটি নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে প্রচারে হেফাজতে ইসলামের নেতারা।

গাজীপুর সিটি নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে প্রচারে হেফাজতে ইসলামের নেতারা।

এবং এই ধর্মীয় ইস্যুই এখন গাজীপুরের পথে প্রান্তরে, চায়ের দোকান থেকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মত বিনিময়সভায়, বিরোধী পক্ষ ঘায়েলে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

এখানে কে মেয়র নির্বাচিত হতে পারে- পুবাইল বাজারে চায়ের দোকানে আড্ডারত সাধন চন্দ্র বিশ্বাসের উত্তর, “আজমত উল্লা এগিয়ে আছেন? কারণ মান্নানের বিরুদ্ধে হজের টাকার কেলেঙ্কারি আছে, ধর্মপ্রাণ মানুষ উনাকে ভোট দেবেন না।”

নির্বাচনে ধর্মের ব্যবহার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গত বৃহস্পতিবার গাজীপুরে মতবিনিময় সভায় বলেন, “ধর্মের অপব্যবহার শুধু নির্বাচনের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই বর্জনীয়।”

গত কয়েকদিন ধরেই আমজত উল্লার সঙ্গে থেকে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাচ্ছেন জাহাঙ্গীর আলম।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া এবং পরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচনায় ওঠে আসা সাবেক এই ছাত্রলীগ নেতাদের এখনকার অবস্থান আজমত উল্লার পক্ষেই যাচ্ছে।

ধর্ম, জাতীয় ইস্যু আর জাহাঙ্গীরের বাইরে আরো কয়েকটি বিষয় নিয়ে ভাবছেন গাজীপুরের মানুষেরা। পুবাইল বাজারেরই আরেক ব্যবসায়ী আব্দুল হান্নানের হিসাব-নিকাশে সেটাই ফুটে উঠলো।

“মান্নান সাহেব এগিয়ে থাকার অন্যতম কারণ হলো, বহুদিন পর গাজীপুরে বিএনপি কোন্দল মিটিয়ে এক সঙ্গে কাজ করতে পারছে। ১৯৯১ সালে সালে মান্নান সাহেব বহু ভোটের ব্যবধানে জিতেছিলেন। সেই জোয়ারটাই এবার এসেছে মান্নান সাহেবের পক্ষে।”

১৯৯১ সালে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হওয়ার পর হজ কেলেঙ্কারিতে জেরবার মান্নান ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে পরাজিত হন। ২০০১ সালের সংসদ নির্বাচনে হাসান উদ্দিন সরকার বিএনপির মনোনয়ন পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দল থেকে বহিষ্কৃত হন তিনি।

পরে ২০০৪ সালে আহসানুল্লাহ মাস্টার নিহত হওয়ার পর উপ-নির্বাচনে এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আবারো পরাজিত হন মান্নান।

পরপর চারবার সংসদ নির্বাচনে পরাজিত হওয়ায় পরও মান্নান সমর্থকরা আশায় বুক বেঁধেছেন দলীয় ঐক্যের জোরে। হাসান সরকার, ফজলুল হক মিলনের সঙ্গে মান্নানের দীর্ঘদিনের রাজনৈতিক রেষারেষির পরও ওই দুজন প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে নেমেছেন।

এরপরও যে মেজবাহ উদ্দীন সরকার রুবেল হাঁস প্রতীকে নির্বাচন করছেন, তিনি নিজেকে যুবদলের সাবেক নেতা ও বর্তমানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা বলে দাবি করে আসছেন।

জাহাঙ্গীরকে নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে আজমত উল্লা খানও নির্বাচনী প্রচারে বলে বেড়াচ্ছেন, বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন।

শহরের শিমুলতলীর বাসিন্দা মোশাররফ হোসেন ভাবছেন আরেক রকম। তিনি ধরেই নিয়েছেন, পুরনো গাজীপুর পৌরসভা, টঙ্গী পৌরসভা ও গাছা ইউনিয়নে আমজত উল্লার অনেক বেশি ভোটে জিতবেন। এই কারণেই বিজয়ী হবেন তিনি।

Image
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের গণসংযোগ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের গণসংযোগ।

Image
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর এরশাদনগরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের গণসংযোগ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর এরশাদনগরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের গণসংযোগ।

“গাজীপুরের বেশিরভাগ এলাকায় বরাবরই আওয়ামী লীগ জিতে আসছে। তাই আজমত উল্লার কোনো সমস্যাই হবে না।”

দুটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের মোট ভোট ১০ লাখ ২৬ হাজার। এর মধ্যে সাবেক গাজীপুর পৌরসভা, টঙ্গী পৌরসভা ও গাছা ইউনিয়নে রয়েছে মোট ভোটের প্রায় ৬০ শতাংশ।

আজমত উল্লা গত ১৭ বছর একটানা টঙ্গী পৌরসভার মেয়র। গাজীপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে মেয়র পদে আ ক ম মোজাম্মেল হক নির্বাচিত হয়ে আসছেন। তিনি সর্বশেষ সংসদ নির্বাচনে বিজয়ী হলে গাজীপুর পৌরসভায় এতদিন ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চালানো হচ্ছিল।

আর গাছা ইউনিয়নে ১৯৮৮ সাল থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। এই কারণেই আওয়ামী লীগ শিবিরের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এ তিনটি এলাকা।

এর সঙ্গে সাবেক পুবাইল ইউনিয়নের জয় নিয়েও আশাবাদী আওয়ামী লীগ শিবির। মোট ভোটের প্রায় ৫ শতাংশ থাকা পুবাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন আহসান উল্লাহ মাস্টার, যিনি সাংসদ থাকা অবস্থায় গত বিএনপির শাসনামলে আততায়ীর গুলিতে নিহত হন।

গাজীপুর সিটির প্রায় ৬২ শতাংশ মানুষ অন্য জেলা থেকে আসা বলে ধারণা করা হয়। মোট ভোটারের মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ শ্রমিক।

পোশাক শ্রমিকরা সরকারের ওপর ক্ষোভের কারণে আজমত উল্লাকে ভোট দেবে না বলে দাবি করছেন এম এ মান্নান।

তবে তার এই দাবি মানতে নারাজ শ্রমিক নেতা শিরীন আক্তার। গত কয়েকদিন ধরে শ্রমিক অধ্যুষিত এলাকায় আজমতের হয়ে প্রচার চালিয়ে আসা এই জাসদ নেতা নেতার দাবি, “সরকার পোশাক শ্রমিকদের জন্য দুবার বেতন বাড়িয়েছে, তাদের জন্য নানা কল্যাণকর কাজ করেছে। তাই শ্রমিকরা আজমত উল্লাকেই ভোট দেবেন।”

পুরনো খবর:

সরকারপক্ষকে মানুষ ভোট দেবে না: মান্নান
জাতীয় নির্বাচনের উত্তাপ গাজীপুরে
মান্নানের ‘হজ ইস্যু’ নতুন করে
গাজীপুর নির্বাচন: ‘ধর্মের ব্যবহার’ বনাম ‘প্রশাসনের প্রভাব’