২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা দেশের জন্য বিপদজনক হয়ে উঠেছেন’

ওয়াশিংটন টাইমসে বিরোধী দলীয় নেতার নামে প্রকাশিত নিবন্ধটি খালেদা জিয়ার না হলে তিনি কেন মামলা করছেন না- এই প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

Image
সচিবালয়েএক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সচিবালয়েএক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “খালেদা জিয়া দেশের জন্য বিপদজনক হয়ে উঠেছেন।”

চলতি বছরের  ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমসে ‘জিয়া: দ্য থ্যাঙ্কলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার নিচে লেখক পরিচিতি হিসেবে লেখা হয়, ‘বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ ও বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেতা’। 

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের পর খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধটি নতুন করে আলোচনায় আসে। ওই নিবন্ধে জিএসপি সুবিধা বাতিলের জন্য সরাসরি আহ্বান জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে।

এরপর শনিবার খালেদা জিয়া সংসদে বলেন, এমন কোনো লেখা তিনি পাঠাননি।

তবে মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ই-মেইলের উত্তরে ওয়াশিংটন টাইমসের নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন জানান, এজেন্টের মাধ্যমে পাঠানো নিবন্ধটি যে খালেদা জিয়ার তা নিশ্চিত হওয়ার পরই তারা তা ছাপিয়েছেন।

তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, বিরোধী দলীয় নেতা কোনো লেখা বা নিবন্ধ ওয়াশিংটন টাইমসে পাঠাননি। ওয়াশিংটন টাইমসের নিবন্ধটি কোনোভাবেই বিরোধী দলীয় নেতার নয়।

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, নিবন্ধটি যে খালেদা জিয়ার তা বিএনপি নেতা মওদুদ আহমেদ ও ফখরুল ইসলাম আলমগীর আগেই স্বীকার করছেন।

“এখন প্রবন্ধটি তার নয় বলে দাবি করলে কেন ওয়াশিংটন টাইমসের বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা করছেন না”, প্রশ্ন রাখেন মন্ত্রী।

পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েই ওয়াশিংটন টাইমস খালেদা জিয়ার নিবন্ধটি প্রকাশ করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “সবকিছু জেনেই প্রতিবেদনটি ছাপানো হয়।”

খালেদা জিয়া ও বিএনপি পরিকল্পিতভাবে ‘মিথ্যাচারের রাজনীতি’ করছে মন্তব্য করে ইনু বলেন, “তার মিথ্যাচারের জন্য গণতন্ত্র ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে।”

টঙ্গী, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্রগামের পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো পন্থা অবলম্বন করছে,  খালেদা জিয়ার মতো যারা অসত্য ভাষণ দেয়, মিথ্যাচার যারা করে, পোশাক শিল্প নিয়ে যারা চক্রান্ত করে, তাদের বিষয়ে সতর্ক হবেন।

“কারখানা যদি বাঁচাতে চান, নিজের চাকরি যদি বাঁচাতে চান. তাহলে খালেদা জিয়া বা তার দোসরদের কোন সরকারি বা প্রশাসনিক দায়িত্ব দেয়া উচিত হবে না”, পোশাক শ্রমিকদের উদ্দেশ্য বলেন মন্ত্রী।

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে পোশাক শ্রমিকদের উদ্দেশে এমন আহ্বান জানানো হলো কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের স্বার্থেই এসব কথা বলা হয়েছে, নির্বাচনের জন্য নয়।”

সাভারে ভবন ধসের ১৭ দিন পর পোশাক শ্রমিক রেশমার উদ্ধার হওয়া নিয়ে সানডে মিররের প্রতিবেদন ‘যাচাই বাছাই না করেই’ দেশের অনেক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন ইনু।

তিনি বলেন, “ক্ষেত্রবিশেষে গণমাধ্যমও মিথ্যাচার ও তথ্যসন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে।” 

সানডে মিররের ওই প্রতিবেদনের বিষয়ে সরকার কোনো পদেক্ষেপ নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে।

পুরনো খবর:

নিবন্ধটি খালেদারই: ওয়াশিংটন টাইমস
ওয়াশিংটন টাইমসের বক্তব্য সঠিক নয়: বিএনপি