২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিররের রেশমা প্রতিবেদন নাকচ সংশ্লিষ্টদের

যুক্তরাজ্যের ট্যাবলয়েড সানডে মিররে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে রেশমার বাড়ির কর্ত্রী এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৭ দিনের মাথায় উদ্ধারের পরই তারা রেশমাকে দেখেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মিররের প্রতিবেদনে হাজেরা বেগমকে উদ্ধৃত করে বলা হয়, ‘রেশমা যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়ির কর্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, রানা প্লাজা ধসে পড়ার পর ওই দিনই রেশমাকে উদ্ধার করা হয়। এরপর পাশের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।’

এ বিষয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘বাড়ির কর্ত্রী’ হাজেরা বেগম বলেন, “যেদিন রেশমা উদ্ধার হয়, সেদিন উদ্ধারকারী একজনের ফোন থেকে রেশমার সঙ্গে আমি কথা বলি। শুনেছি একটি বিদেশি পত্রিকা লিখেছে- দুর্ঘটনার পর রেশমা আমার বাসায় ছিল।

“এ খবর মিথ্যা, বানোয়াট। আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথাই বলিনি। ওই সাংবাদিককে আমি জীবনেও দেখিনি।”

প্রতিবেদনটি তৈরি করেছেন সিমন রাইট, যিনি একবার ঘটনা সাজানোর অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে তিনি ঘটনা সাজিয়েছিলেন।

গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১৩১ জন নিহত হন।

ভবন ধসের ১৭ দিন পর গত ১০ মে ধ্বংসস্তুপের মধ্য থেকে রেশমাকে জীবিত উদ্ধার করা হয়, যা সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করে।

এরপর গত ২৩ জুন দৈনিক আমার দেশ তাদের অনলাইনে সংস্করণে “রানা প্লাজা ট্রাজেডি: রেশমা ‘উদ্ধার’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এরই ধারাবাহিকতায় গত ১ জুলাই যুক্তরাজ্যের ট্যাবলয়েড সানডে মিরর রেশমা উদ্ধারের ঘটনা ‘সাজানো’ বলে প্রতিবেদন প্রকাশ করে। মিররের বরাত দিয়ে বাংলাদেশর বেশ কয়েকটি দৈনিকেও ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

হাজেরা বেগম বলেন, “ঘটনার দিন ৯টা বাজার ৫ মিনিট আগে রেশমার সঙ্গে কথা হয়। এরপর আর তার খোঁজ পাইনি।”

দুই বছর ধরে রেশমা তার বাড়িতে ভাড়া ছিলেন জানিয়ে তিনি বলেন, “প্রথমে রেশমা স্বামীসহ তার বাড়িতে উঠেছিল। কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ হওয়া তাদের মধ্যে আট-নয় মাস আগে সম্পর্ক ছিন্ন হয়। এর পর থেকে রেশমা একাই আমাদের বাসায় থাকতে শুরু করে।”

স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর রেশমাকে তারা মেয়ের মতোই দেখতেন বলে দাবি করেন হাজেরা।

বাড়িওয়ালা মনছুর আহমেদ নুরু মিয়া বলেন, “ঘটনার দিন ২৪ এপ্রিল কাজে আসে রেশমা। ৯টা বাজার ৫ মিনিট আগে এনামুল হক মিলন নামে তার এক সহকর্মীর ফোন থেকে আমার স্ত্রী হাজেরা বেগমকে ফোন করে কারাখানায় পৌঁছার খবর দেয়।”

“দুর্ঘটনার পর থেকে প্রতিদিন তার স্ত্রী হাজেরা বেগম রানা প্লাজার সামনে রেশমার খোঁজে আসতেন এবং বিভিন্ন হাসপাতালে খোঁজ করতেন। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।”

সহকর্মী এনামুল হক মিলন বলেন, “আমার ফোন দিয়ে কথা বলার পর রেশমাকে একটি মেশিনের ওপর বসতে দেখিছি। দুর্ঘটনা পর থেকে আজ পযর্ন্ত তাকে দেখিনি আমি এবং কোনো কথাও হয়নি।”

“ঘটনার পর রেশমাকে নিয়ে আমি বের হইনি। রানা প্লাজা থেকে বের হওয়ার পর দেখি, আমার স্ত্রী লিপি আক্তার সামনে দাঁড়িয়ে কাঁদছে আমি তাকে নিয়ে প্রথমে হাসপাতালে যাই, সামান্য চিকিৎসা নেই। পরে গ্রামের বাড়ি গাইবান্ধায় চলে যাই। তবে বেতন নিতে ৮/১০ দিন পর আবার ঢাকায় আসি।”

কোনো বিদেশি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে এনামুল বলেন, “আমাকে অনুদান দিবে এমন কথা বলে বাড়িতে সাংবাদিক গিয়েছিল। কিন্তু এতো মানুষ ও সাংবাদিক দেখে আমার মা ভয়ে আমাকে ফুফুর বাড়িতে পাঠিয়ে দেয়। বিদেশি কোনো সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়নি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত গাইবান্ধা ৮ নম্বর ধোপা ধাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এনামুল ও তার স্ত্রী লিপি বেগমের সঙ্গে ওই বিদেশি সাংবাদিকের কথা হয়নি। তবে জবা নামে এক নারীর সঙ্গে বিদেশি সাংবাদিক কথা বলেছিল।

রেশমার সঙ্গে উদ্ধার হওয়া পুরুষ সহকর্মী প্রতিহিংসার শিকার হতে পারেন এই ভয়ে তিনি গা-ঢাকা দিয়েছেন বলে মিররের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে রেশমা নামে কেউ তাদের হাসপাতালে ভর্তি হয়নি।

বেসরকারি ওই মেডিকেল কলেজের পরিচালক জাহিদুর রহমান বলেন, “রেশমা দুই দিন এনাম মেডিকেল ভর্তি ছিল- এমন খবর ছাপানো হয়েছে। আমরা তা অনুসন্ধান করে দেখতে পাই- এনাম মেডিকেল রেশমা বা জয়া নামে কেউ ভর্তি হয়নি।”

প্রাথমিক চিকিৎসা নেয়া রোগী ছাড়া সবার নাম নিবন্ধন করা হয়েছিল বলেও জানান তিনি।

অন্যদিকে আমার দেশ পত্রিকায় এনামুলকে উদ্ধৃত করে বলা হয়েছে, রেশমার আসল নাম ‘জয়া’।