নড়াইলে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ছাত্রলীগের ভিক্টোরিয়া কলেজ শাখার সহসভাপতি জাহাঙ্গীর হোসেন (২৪) ও সদস্য মো. নিশান (২১) এবং ছাত্রদলের ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য জসিম উদ্দিনকে (২৩) নড়াইল সদর হাসপাতালে এবং ছাত্রদলের ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য ইকতিয়ার হোসেনকে (২২) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ ও ছাত্রদল এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে বলেন, দীর্ঘদিন ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ-ছাত্রদল শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও নিশানকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহারিয়ার রিজভী জজ অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। তারা ছাত্রদল নেতা ইকতিয়ার হোসেনকে কুপিয়ে জখম করে।
এ সময় তারা ক্যাম্পাসের পাশের রূপগঞ্জ বাজারে ‘আমরা জিয়ার অনুসারী’ কার্যালয় ভাংচুর করে বলে অভিযোগ করেন শাহারিয়ার রিজভী জজ।
নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বরুন কুমার বিশ্বাস জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
