চট্টগ্রামে আরো ৬ নার্সিং শিক্ষার্থী অসুস্থ
ছয়দফা দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের তৃতীয় দিন আরো ছয় জন অসুস্থ হয়েছেন।
বুধবারের এ ছয় জনসহ তিন দিনে অসুস্থের সংখ্যা হল ২০।
ছয়দফা দাবিতে সোমবার থেকে নার্সিং শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন।
একই দাবিতে অনশনরত ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ২০ জন অসুস্থ হয়েছেন।
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবদুল খালেক জানান, তৃতীয় দিনেও প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনশনের তৃতীয় দিন সকালে নতুন করে আরো ছয় জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
অসুস্থদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া অনশনস্থলে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান আব্দুল খালেক।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে নার্সিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স শেষে নুন্যতম ছয় মাস থেকে এক বছর মেয়াদি ইন্টার্নিশীপ চালু, প্রতিমাসের বৃত্তির পরিমাণ মাথাপিছূ ৩ হাজার টাকায় উন্নীত, মাস্টার্স কোর্সসহ উচ্চতর শিক্ষা কোর্স চালু, বিশেষ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার ব্যবস্থাসহ চাকরি বিধিমালা প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় নির্ধারিত ইউনিফর্মের উপর প্রোটেকটিভ ক্লথ হিসেবে এপ্রণ পরিধানের অনুমতি প্রদান করা।
