ময়মনসিংহে অনশনে ২০ নার্স অসুস্থ
ছয়দফা দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশনের তৃতীয় দিন বুধবার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।
এরমধ্যে পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনের বারান্দায় তারা আমরণ অনশন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে গুরুতর অবস্থায় রোকশানা শারমিন, মোহসেনা আক্তার, মাহমুদা সুলতানা, হাছিনা আক্তার ও হামিদা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: নার্সিং পেশার মানোন্নয়নে চার বছর মেয়াদী বিএসসি-ইন-নাসিং কোর্স শেষে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর ইন্টার্নশিপ চালু, মাসিক বৃত্তি তিন হাজার টাকায় উন্নীতকরণ।
দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক কাকলী আকতার দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এছাড়া অনশণরত শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিসমূহ মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
