নামতে গিয়ে ভেঙে টুকরো সেনা কপ্টার
ঢাকার ধামরাইয়ে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন।
ত্রুটি দেখা দেয়ায় জরুরি অবতরণের সময় এটি বিধ্বস্ত হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি, জরুরি অবতরণ করেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ধামরাইয়ের বরদাইল এলাকায় বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
আহত লেফটেন্যান্ট কর্নেল আরিফুল বারীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। আর আহত মেজর নজরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় দুই আরোহীর মধ্যে একজন আহত হয়েছেন। অন্যজন পুরোপুরি সুস্থ আছেন।
“যান্ত্রিক ত্রুটির কারণে ধামরাইয়ে জরুরি অবতরণের চেষ্টা করেন তারা। কিন্তু অবতরণের সময় হেলিকপ্টারটি একদিকে কাত হয়ে গেলে পাখা মাটিতে লেগে সেটি বিধ্বস্ত হয়।”
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি উঠানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে দেখি একটি হেলিকপ্টার আমার বাড়ির দিকে ধেয়ে আসছে।
“হেলিকপ্টারটি ঘরের ওপর আছড়ে পড়তে পারে এই আশঙ্কায় আমরা বাড়ি থেকে দৌড়ে বের হই। পরে বাড়ির সামনে মাঠে সেটি ভেঙে পড়ে।”
