হরতালে চলছে না দূরের বাস
কেন্দ্রীয় সভাপতিসহ আটক নেতোদের মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালে রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নগর পরিবহনের বাস চলছে। আর রাস্তায় প্রাইভেট গাড়ি চলাচল কম থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক।
বুধবার সকাল থেকে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
হরতাল শেষে সন্ধ্যার পর দূরপাল্লার বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বলে বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন।
তবে এসব টার্মিনাল থেকে ঢাকার আশপাশের কয়েকটি জেলা যেমন- গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জের উদ্দেশে কয়েকটি বাস ছেড়ে যায়।
হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র্যাব-পুলিশের টহল দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর থেকে নগর পরিবহনের বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলছে।
রাস্তায় বাস কম থাকায় অনেককেই রিকশায় করে অফিসে রওনা হতে দেখা যায়। হরতালের সুযোগে প্রধান সড়কেও চলছে রিকশা।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের থামিয়ে শরীর ও ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নয়টি লঞ্চ দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে, ভিড়েছে ৪৩টি।
তবে হরতালের কারণে যাত্রীসংখ্যা কিছুটা কম বলে জানান তিনি।
অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে নির্ধারিত সময়েই সবকটি ট্রেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
