২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় আঞ্চলিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত 

বাংলা একাডেমীর উদ্যোগে নেত্রকোনায় দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলন ও চন্দ্রকুমার দে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 01:29 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

মঙ্গলবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

উদ্বোধনের পর সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক বিধান মিত্র, আলী আহম্মেদ খান আউয়ুব, লোকজ সংগ্রাহক আবুল কাইয়ুম আহম্মেদ।

দুপুরে দ্বিতীয় অধিবেশনের চন্দ্রকুমার দে স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

‘চন্দ্রকুমার দে; জীবন ও সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সন্তোষ সরকার। খায়রুল হক ‘নেত্রকোনার সাহিত্য’ এবং পল্লব চক্রবর্তী উপস্থাপন করেন ‘নেত্রকোনার সংস্কৃতি’ শীর্ষক প্রবন্ধ।

শামসুজ্জামান খান বলেন, মধ্যযুগের সাহিত্যে নেত্রকোনা অঞ্চল বিশেষ ভূমিকা রেখেছে।

চন্দ্র কুমার দে-কে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ উল্লেখ করে তিনি বলেন, তার সংগৃহীত ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্য ও বাঙালি জাতিকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে।

অধ্যাপক যতীন সরকার বলেন, লোকসাহিত্যের উন্নয়ন ঘটাতে হলে আঞ্চলিক ভাষাকে বুঝতে হবে। নেত্রকোনা অঞ্চলের উর্বর সাহিত্য আগেও ছিল এখনও আছে। এ সাহিত্যকে এগিয়ে নিতে হবে।

বাংলা একাডেমীর এ আয়োজনে কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।