চট্টগ্রামে নার্সিং শিক্ষার্থীদের অনশনের ২য় দিন
ইন্টার্নশিপ চালু ও চাকরি বিধিমালসহ ছয় দফা দাবিতে আমরণ অনশনের দ্বিতীয় পার করেছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবারের অনশনের ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, যাদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নার্সিং স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফারজানা কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় দফা দাবিতে ইতিমধ্যে অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
তিনি বলেন, “রোববার ঢাকায় আমাদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। কিন্তু আশানুরূপ ফলাফল না পাওয়ায় আমরা আমরণ অনশন শুরু করেছি।”
ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- নার্সিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর মেয়াদি ইন্টার্নিশিপ চালু, প্রতিমাসের বৃত্তির পরিমাণ মাথাপিছু ৩ হাজার টাকায় উন্নীত করা, মাস্টার্স কোর্সসহ উচ্চতর শিক্ষা কোর্স চালু, বিশেষ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার ব্যবস্থাসহ চাকরি বিধিমালা প্রকাশ ও পৃথক সেবা অনুষদ গঠন করা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় নির্ধারিত ইউনিফর্মের উপর প্রোটেকটিভ ক্লথ হিসেবে অ্যাপ্রোন পরার অনুমতি দেয়া।
সোমবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসেই অনশন শুরু করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
