২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের জন্য প্রস্তুত কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার এখানে ভোট গ্রহণ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কিশোরগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে।

এ আসন থেকে সাতবার নির্বাচিত সাংসদ হন সাবেক স্পিকার আবদুল হামিদ। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আসনটি শূন্য হয়।

উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে রাষ্ট্রপতি ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মহিতুল ইসলাম অসীম।

দলীয় সিদ্ধান্তের কারণে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২৪টি ইউনিয়নে মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে ওই তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে হয়েছে।

উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন বাহিনীর ছয় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

“আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।

নির্বাচনের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলমোহর, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র এরইমধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছেছে।

নিরাপত্তা বিবেচনায় ১১৮টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে দুই লাখ ৭৭ হাজার ১১৮ জন ভোটার ভোট দেবেন, যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৯ হাজার ৩০৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৩৭ হাজার ৮১৫ জন।