২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হলো ঢাকা বিভাগের ৪৮২৫ বিদ্যালয়

সিলেট, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের পর এবার ঢাকা বিভাগের ৪ হাজার ৮২৫টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিভাগের বিদ্যালয়গুলো জাতীয়করণের আদেশ জারি করে।

এর আগে গত সিলেট বিভাগের ১ হাজার ৩৬৩টি, খুলনা বিভাগের ৩ হাজার ৪৪৯টি, বরিশাল বিভাগের ২ হাজার ৪২১টি এবং চট্টগ্রাম বিভাগের ৩ হাজার ১৮৯টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এনিয়ে ১৫ হাজার ২৪৭টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলো। পর্যায়ক্রমে অন্য বিভাগের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হবে।

শিক্ষকদের আন্দোলনের পর গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।এসব বিদ্যালয়ে ১ লাখ ৩ হাজার ১৯২ জন শিক্ষক কর্মরত।

প্রথম ধাপে ২২ হাজার ৯৮১টি এমপিওভুক্ত নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে।এসব বিদ্যালয়ের শিক্ষকরা চলতি বছরের ১ জানুয়ারি সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন।

দ্বিতীয় ধাপে স্থায়ী/অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত, কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও কর্তৃক নির্মিত/পরিচালিত ২ হাজার ২৫২টি বিদ্যালয় জাতীয়করণ হবে।

তৃতীয় ধাপে পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির অপেক্ষাধীন ৯৬০টি বিদ্যালয় জাতীয়করণ হবে।

সরকারি হওয়ার ফলে বিদ্যালয়গুলোর জমি, অবকাঠামো, নগদ তহবিলসহ যাবতীয় সম্পদ সরকারের হচ্ছে।বিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে এবং বিধি অনুযায়ী নতুন কমিটি গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর গত ১৭ জানুয়ারি প্রত্যেক জেলার জেলা প্রশাসককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ‘জেলা যাচাই-বাছাই কমিটি’ গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই কমিটি জাতীয়করণের আওতায় আসা বিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষকদের এমপিও ও সনদ পরীক্ষাসহ বিভিন্ন বিষয় যাচাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় সরকারি হওয়া শিক্ষকরা যথাক্রমে চলতি বছরের ১ জানুয়ারি, ১ জুলাই এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে সরকারি বেতন-ভাতা পাবেন।

তিন দফায় বেসরকারি শিক্ষককদের জাতীয়করণে সরকারের অতিরিক্ত খরচ হবে ৬৫১ কোটি টাকা।