২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইন ‘যাচাইয়ে’ কমিটি হচ্ছে

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিতের পর সম্প্রতি অনুমোদিত শ্রম আইনের খসড়া আরো যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 09:43 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান।

সভায় যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিত নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “শ্রম আইন আরো যুগোপযোগী করতে পারলে স্থগিত হওয়া জিএসপিতে এর পজিটিভ প্রভাব পড়বে। এই আইন ইমপ্রুভ করতে করতে বলে আসছে তারা।”

সংশোধিত শ্রম আইন-২০১৩ ইতোমধ্যে মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারগুলো বাস্তবায়ন না করায় গত ২৭ জুন বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করে যুক্তরাষ্ট্র।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের আবেদন করে। তাদের অভিযোগ ছিল, পোশাক ও চিংড়ি খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার সংরক্ষিত হচ্ছে না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শ্রম আইন যাচাইয়ে গঠিত কমিটির প্রধান করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে। এ কমিটির সুপারিশে শ্রম আইনের পরবর্তী বিষয়গুলো বিবেচনা করা হবে।

“শ্রম আইন রিভাইজ করা একটি চলমান প্রক্রিয়া এবং এটিকে আরো ইমপ্রুভ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।”

শ্রম আইন যুগোপযোগী করলে শ্রমিকদের কাজের পরিবেশ ও অধিকার রক্ষা হবে বলেও মনে করেন মন্ত্রিপরিষদ সচিব।