ডিএনডির জলাবদ্ধতা নিরসনে অভিযান শুরু
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরের জমাটবদ্ধ পানি নিষ্কাশনে খাল দখলমুক্ত করার অভিযান শুরু করেছে প্রশাসন।
রোববার বিকালে নারায়াণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আযমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় খালের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্রুত পানি নিষ্কাশনের জন্য যেসব স্থানে খাল দখল ও ভরাট করা হয়েছে সেগুলো অপসারণে অভিযান চালানো হয়। বিকালে জেলা পরিষদসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
বিকালে সরেজমিনে দেখা যায়, বাঁধের ভেতরে কোথাও হাঁটুসমান পানি, আবার কোথাও কোমরসমান পানি ছিল।
গাউছুল বলেন, সবগুলো পাম্প সার্বক্ষণিকভাবে চললে বৃষ্টির পানি নেমে যেতে এতো সময় লাগতো না।
তবে শিমরাইলের ডিএনডি পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার দাবি করেন পাম্প সব সময় চলছে।
তিনি বলেন, “দু’একদিন বৃষ্টি না হলে জলাবদ্ধতার এই সমস্যা থাকবে না।”
