২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক হলে আমিও মুক্তিযুদ্ধের সমর্থক: সাকা চৌধুরী

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে বসে শুনেছিলেন দাবি করে নিজেকে মুক্তিযুদ্ধের সমর্থক বলে দাবি করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে এই দাবি করেন এই বিএনপি নেতা, যাকে একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করেছেন এই মামলায় প্রসিকিউশনের সাক্ষীরা।

গত সোমবার সাক্ষ্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পরে রোববার সপ্তম দিনের মতো নিজের জবানবন্দি দেন সালাউদ্দিন কাদের।

প্রায় এক সপ্তাহ পরে সাক্ষ্য দিতে আসা এই সংসদ সদস্যকে খানিকটা অসুস্থ দেখাচ্ছিল। সাক্ষ্য দিতে দিতে বেশ কয়েকবার বসেও পড়েন তিনি।

সালাউদ্দিন কাদের বলেন, “১৯৭১ সালের ৭ মার্চে রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক সমাবেশেও অংশ নিয়েছিলাম।

“ওই সমাবেশে বঙ্গবন্ধুর ঘোষণাকে স্বাধীনতার ঘোষণা বলে দাবি করা হয়ে থাকে। যদি তাই হয়, তবে আমি দাবি করতে পারি, আমি মুক্তিযুদ্ধের একজন সমর্থক ছিলাম।”

মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর এই ছেলে দাবি করেন, তার বন্ধুদের অনেকেই পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। তাদের সঙ্গেই তিনি ৭ মার্চের জনসভায় গিয়েছিলেন।

তিনি বলেন, এছাড়া ১৯৭১ সালের ৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার বাবা ফজলুল কাদের চৌধুরীর একাধিক বৈঠক হয় এবং সে খবর গণমাধ্যমেও তা এসেছিল।

সাক্ষ্যে মুক্তিযুদ্ধ শুরুর পূর্ববর্তী সময়ে নিজের ও তার বাবার রাজনৈতিক ভূমিকার বর্ণনা দেন বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের।

আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন দাবি করে তিনি বলেন, ওই সময় আমার ধানমণ্ডির বাসায় নিয়মিত আসতেন শেখ কামাল, তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু, সিরাজুল আলম খান, আব্দুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, সালমান এফ রহমানসহ আরো অনেকে।

“আমি নিজে ছাত্রজীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না, তবে ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি। ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদকে যখন হত্যা করা হয়, তার ১০ ফুট দূরত্বের মধ্যে ছিলাম আমি।

“১৯৬৬ সালের শুরুর দিকে আমার বাবা যখন মুসলিম লীগ থেকে বহিষ্কৃত হন, তখন থেকে ’৬৯ সাল পর্যন্ত তিনি গণপরিষদে একজন স্বতন্ত্র সদস্য ছিলেন। এসময় তিনি আইয়ুববিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, যে আন্দোলনের ফলশ্রুতিতে আইয়ুব শাসনের সমাপ্তি হয়।”

Image
‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’

‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’

সালাউদ্দিন এক পর্যায়ে দাবি করেন, ১৯৭২ সালে দালাল আইনে তার বাবা ফজলুল কাদেরের বিরুদ্ধে করা মামলায় তার পক্ষে সাক্ষ্য দেন বঙ্গবন্ধু।

প্রসিকিউশন এতে জোর আপত্তি জানালে আপত্তিসহ এ বক্তব্য গ্রহণ করা হয়।

দুপুরে সালাউদ্দিন কাদেরের আবেদনে সাক্ষ্যগ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়। সোমবারের মধ্যে জবানবন্দি শেষ করতে তাকে তাগাদাও দেন বিচারকরা।

ট্রাইব্যুনাল চেয়ারম্যার এটিএম ফজলে কবীর বলেন, “আপনাকে তো জবানবন্দি শেষ করতে হবে। আপনি ইতিহাসের কথা বলছেন, তা শুনে আমাদের কী লাভ?”

এর জবাবে সালাউদ্দিন কাদের বলেন, “আমার বিরুদ্ধে তো ইতিহাসের কথাই বলা হয়েছে। পলাশী থেকে শুরু করা হয়েছে। দেড় বছর আমার বিরুদ্ধে বলা হয়েছে, অথচ আমাকে বলতে দেয়া হচ্ছে না।

“সাঈদী সাহেবের মামলার সময় বলা হয়েছে, এখন তার সাঈদীর বিচার হচ্ছে না। দেলু শিকদারের বিচার হচ্ছে। আমার ব্যাপারে বলা হচ্ছে ফজলুল কাদের চৌধুরীর ছেলের বিচার হচ্ছে; সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হচ্ছে না। আপনাদের লিমিটেশন আমি বুঝি, আমার লিমিটেশনও আমি বুঝি।”

গত ১৭ জুন মামলার প্রথম সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া শুরু করেন সালাউদ্দিন কাদের। এর আগে তার বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ প্রসিকিউশনের ৪১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে।

গত বছরের ৪ এপ্রিল সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৭২টি ঘটনায় ২৩টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন হয়। ওই বছরের ১৪ মে থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ১৬ ডিসেম্বর। ওই বছরের ২৬ জুন হরতালের আগের দিন রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে আটক করার পর ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুরনো খবর:

বঙ্গবন্ধুর আত্মজীবনী হাতে নিয়ে সাক্ষ্য শুরু সাকা চৌধুরীর