২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থককে গুলির পর আ. লীগ সমর্থক খুন

নরসিংদীর একটি গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় আওয়ামী লীগের এক সমর্থক নিহত এবং বিএনপির এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সদর উপজেলার দুর্গম চর এলাকা আলোকবালী ইউনিয়নের আলোকবালী উত্তরপাড়ায় রোববার সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম লিয়াকত আলী (৬৫)। গুলিবিদ্ধ খোরশেদ মিয়াকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই এলাকার আওয়ামী লীগ নেতা সাহেব মেম্বারের সঙ্গে বিএনপি নেতা মিজান মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানায়।

সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে সাহেব মেম্বারের সমর্থকরা মিজান মেম্বারের সমর্থক খোরশেদ মিয়াকে গুলি করে।

গুলিবিদ্ধ খোরশেদকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে খোরশেদ মারা গেছেন- এলাকায় এই গুজব ছড়িয়ে পড়লে দুপুরে মিজান মেম্বারের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে সাহেব মেম্বারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় বলে ওসি জানান।

তিনি বলেন, এসময় ধারালো অস্ত্রের আঘাতে আলোকবালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেনের বাবা লিয়াকত আলী নিহত হন।

পাল্টাপাল্টি হামলায় পর উত্তেজনার মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। তবে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানান।