২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পুলিশ-ইউপিডিএফ সংঘর্ষ

অবরোধ চলাকালে খাগড়াছড়িতে রোববার পুলিশ ও ইউপিডিএফ কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় এ সংঘর্ষ চলাকালে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও ২৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।

পুলিশ জানায়, এ সময় ইউপিডিএফ কর্মীরাও পাল্টা গুলি ছুঁড়েছে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ চঞ্চলা চাকমাকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পিকেটাররা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।

অবরোধকারীরা পুলিশের উপর লাঠিসোটা ও ইটপাটকেল ছোঁড়ে এবং গুলি চালায় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, হামলায় ২৪ পুলিশ সদস্য আহত হন। বাধ্য হয়ে পুলিশ অ্যাকশনে গেছে।

এ ব্যাপারে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা বলেন, পুলিশের গুলিতে তাদের ছয় জন আহত হয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে ‘অবৈধ ভূমি বেদখল’ প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের পাহাড়ি পরিবারকে ‘উচ্ছেদের ষড়যন্ত্র’ বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাংগামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় যুব ফোরাম।