২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরকে জিজ্ঞাসাবাদ শুরু

চট্টগ্রামে রেলের টেন্ডার নিয়ে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনায় গ্রেপ্তার হেলাল আকবর চৌধুরী বাবর ও তার চার সহযোগীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় সদস্য বাবর ও তার চার সহযোগীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে চট্টগ্রামের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবরসহ পাঁচজনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এ ঘটনায় একদিন করে রিমান্ডে নেয়া ছাত্রলীগনেতা লিমনসহ ৪৪ জনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলে জানান তিনি।

এছাড়া অপ্রাপ্তবয়স্ক অন্য আটজনকেও জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন জানিয়ে পরিদর্শক নেজাম বলেন, তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।

গত ২৪ জুন দুপুরে রেলের টেন্ডার নিয়ে নগরীর সিআরবি মোড়ে যুবলীগ-ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আট বছরের এক শিশুসহ দুইজন নিহত হন।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগনেতা লিমনসহ ৫২ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ৪৪ জনকে একদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।

পরবর্তীতে ঢাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় সদস্য হেলাল আকবর বাবরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালত বাবরকে চারদিন এবং তার চার সহযোগীকে তিনদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেয়।