মেঘনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে জেলে নিহত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শনিবার মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে দুদলের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন।
চরবংশীর চরকাছিয়া মোস্তফা বেপারির মাছ ঘাট এলাকায় এ সংঘর্ষে নিহত ছাত্তার মাঝি (৬০) উত্তর চরবংশী ইউনিয়নের নাইয়াপাড়ার প্রয়াত আব্দুল ওয়াহেদ মাঝির ছেলে।
চরবংশী খাসেরহাট মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারি বলেন, নদীতে মাছ ধরা নিয়ে ছাত্তার মাঝির সঙ্গে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সুমন, স্বপন ও জাকিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মারধরে ঘটনাস্থলে ছাত্তারের মৃত্যু হয়।
রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
