ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ
নারায়ণগঞ্জে গত দুদিনের টানা বৃষ্টিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও শিল্প কারখানা। দুর্ভোগে পড়েছে লাখ লাখ মানুষ।
এলাকবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তারা।
তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, পানি নিষ্কাশন কাজ চলছে। শিগগিরই পানি নেমে যাবে।
পাকিস্তান আমলে ডিএনডি বাঁধের অভ্যন্তরে সেচ প্রকল্প গড়ে তোলা হয়। বাঁধটি সড়ক যোগাযোগেও ব্যবহার করা হয়।
১৯৮৮ সালের বন্যায় দেশের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেলেও এ বাঁধের অভ্যন্তর ছিল বন্যামুক্ত। সেখানে গড়ে ওঠে বাড়িঘর, শিল্পকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান।
এলাকাবাসী জানান, গত দুদিনের টানা বর্ষণে বাঁধের অভ্যন্তরে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার সস্তাপুর, লাল খাঁ, সেহাচর, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, তুষারধারা জালকুড়ি, ভূঁইগড়, লামপাড়া, রামারবাগ, নয়ামাটি, ওয়াপদারপুল, কতুবপুর, পাগলা চিতাশাল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআইখোলা, নতুন মহল্লা, মজিববাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, টেংগারপাড়, কোদালদাহ, বকশনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাগপাড়া, ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
হাঁটু পানির নিচে রয়েছে রাস্তাঘাট, বাড়িঘর, শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।
নিষ্কাশনের খালগুলো বেদখল এবং ময়লা আবর্জনা ফেলে ভরাট করায় পানি সরতে না পেরে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া এসব এলাকায় পানির সঙ্গে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে।
দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা গৃহবধূ জুলেখা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদিনের বৃষ্টিতে তার ঘরবাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে। বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। রান্নাঘরে পানি ওঠায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
একই এলাকার ইউনাইটেড গার্মেন্টস মালিক নাসিমুল তারেক বলেন, বন্যামুক্ত হওয়ায় ডিএনডি বাঁধের অভ্যন্তরে লাখ লাখ মানুষ বাড়িঘর, শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। কিন্তু সেই ডিএনডি বাঁধের ভেতরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল এবং ভরাট যারা করেছে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
“আমার মিল পানিতে ডুবে লাখ লাখ টাকার লোকসান হয়েছে। আমাদের তো দেখার কেউ নেই,” বলেন তারেক।
সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার দিনমজুর সিরাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিতে তার ঘরে হাঁটু পানি জমে গেছে। পানি নিষ্কাশনের বেশিরভাগ খাল দখল হতে হতে সংকীর্ণ হয়ে গেছে। খালগুলোর অনেক স্থানে কাঁচা-পাকা ইমারত নির্মাণ করা হয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি।
শিমরাইলের ডিএনডি পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি বড় পাম্প চালু থাকার পাশাপাশি পাঁচ কিউসেকের আরো ২২টি ছোট পাম্প চালু রয়েছে। পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি নিষ্কাশনের জন্য ডিএনডি পাম্প হাউজের পাম্পগুলো সচল রাখা হয়েছে। পানি নিষ্কাশনের খালগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়া হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদে চারটি পাম্প বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই পাম্পগুলো চালু হলে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সদর উপজেলার ১৮টি পানি নিষ্কাশনের খালের মধ্যে ১০টি খালের পানি নিস্কাশন করা হয়েছে। বাকিগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসনে খাল খননের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
