পাবনায় দুর্ঘটনায় নসিমন চালক নিহত
পাবনা সদর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
পাবনা সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে পাবনা-ঈশ্বরদী সড়কের টেবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার সাহাপুর যশোবর গ্রামের প্রয়াত মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের নসিমনের পরিচর্যা করছিলেন হামিদ। এ সময় পাবনাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত হামিদকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
প্রাইভেটকার নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
