আজমতের পথসভা, মান্নানের গণসংযোগ
গাজীপুরে প্রধান দুই দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন দুদলের জ্যেষ্ঠ নেতারা।
শুক্রবার দুপুরে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে পথসভায় অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম। একই সময়ে এমএ মান্নানের পক্ষে গণসংযোগ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
সকালে টঙ্গী, বোর্ডবাজার, ও জয়দেবপুরে আজমত উল্লাহ খানের পক্ষে ভোট চেয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান।
এ সময় তার সঙ্গে ছিলেন সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী সিকদার, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেত্রী রুহুন্নেছা রুনাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দুপুরে ফকির মার্কেট, নতুন বাজার, আলের টেক, পূবাইল এলাকায় হাতে হাতে লিফলেট নিয়ে দোয়াত কলমে ভোট চেয়েছেন টঙ্গীর মহিলা আওয়ামী লীগ নেত্রী সাংসদ ফজিলাতুন্নেছা, সাংসদ পারভিন তালুকদারসহ বেশ কয়েকজন নেতা।
এছাড়াও আজমতের পক্ষে সাংসদ রহমত আলী, তোফায়েল আহমেদ, জাহিদ আহসান রাসেল, মোস্তফা জালাল মহিউদ্দিন, লিয়াকত সিকদার, মাহমুদুল হাসান রিপন, হীরা সরকার ও রোটনসহ অর্ধশতাধিক নেতা বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন।
এমএ মান্নানের গণসংযোগ
এ সময় হেফজতে ইসলামের গাজীপুর জেলার সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ হেল বাকি, সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুল, হুমায়ুন কবির খান ও মজিবুর রহমান তার সঙ্গে ছিলেন।
আলাদাভাবে পূবাইল, চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় মান্নানের পক্ষে প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের নেতৃবৃন্দ।
দুপুরে মহানগরীর শিববাড়ি, বিএডিসি সড়ক ও মুন্সিপাড়া সড়কে গণসংযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, ইসলামী ঐক্যজোট গাজীপুরের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহসহ বিভিন্ন নেতাকর্মীরা।
