গাজীপুরে দুপক্ষই আত্মবিশ্বাসী
গাজীপুর সিটি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই মেয়র পদপ্রর্থীর পক্ষই আত্মবিশ্বাসী।
নিজ নিজ প্রার্থীদের জয়ী করতে সর্বাত্মক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী বাহিনী।
আলোচিত মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সমর্থকদের ভোট পেলে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের জয় অনেক সহজ বলে মনে করছেন এলাকাবাসী।
নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও সংবাদ সম্মেলনে আজমত উল্লাহ খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর আলম।
এছাড়া বিএনপির দাবি হেফাজত তাদের জন্য কাজ করছে, আর আওয়ামী লীগের দাবি জাতীয় পার্টি ও হেফাজত তাদের সমর্থন দিয়েছে।
আজমত উল্লাহ খানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে পাঁচটি টিমে ৫৭ জন সাংসদ, সহ-সম্পাদকগণ, সাবেক ছাত্রলীগের নেতারা মাঠে নেমেছেন।
এছাড়াও রয়েছে যুবলীগের ২৭টি ও ছাত্রলীগের ৫৭টি টিম। পর্যায়ক্রমে প্রচারণা চালাচ্ছেন তারা।
এসব কাজ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।
সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আফসার উদ্দীন বলেন, স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেলের সঙ্গে আজমত উল্লাহর কিছুটা দূরত্ব রয়েছে অনেক আগে থেকে।
রাসেলের বাবা প্রয়াত আহসান উল্লাহ মাস্টার একবার পৌরসভা নির্বাচনে আজমত উল্লাহর বিপরীতে আকম মোজাম্মেল হককে নির্বাচনে দাঁড় করান। সেই থেকে তাদের মধ্যে একটা শীতল সম্পর্ক বিরাজ করছে।
তিনি বলেন, এখন কেন্দ্রের নির্দেশে আজমত উল্লাহর পক্ষে রাসেল কাজ করলেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি।
গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি ও তার অঙ্গ-সংগঠনের নেতকর্মীরা ১৪ দল সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।
আওয়ামী লীগ সাংসদ আকম মোজাম্মেল হক বলেন, হেফাজত ও জাতীয় পার্টি তাদের পক্ষে কাজ করছে।
এদিকে চার সিটিতে সদ্য জয়ের কারণে চাঙ্গা রয়েছেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, বিএনপি-জামায়াত-হেফাজতের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এম এ মান্নানের পক্ষে কাজ করছেন।
আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।
