২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি নামাজ পড়তে এসেছি’

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শনের জন্য শুক্রবার সিরাজগঞ্জ এসেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহা. মাহবুবুর রহমান তালুকদার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বেলা সাড়ে ১১টায় তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে যমুনা রিসোর্টে পৌঁছেন। 

সেখান থেকে আগে থেকে প্রস্তুত থাকা স্পিডবোটে উঠে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টের পুরাতন জেলখানা ঘাটে পৌঁছেন বেলা ১টায়।

কিছুক্ষণ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি।

এ সময় সাংবাদিকরা প্রতিমন্ত্রীর সফর কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি সিরাজগঞ্জে নামাজ পড়তে এসেছি।”

এরপর প্রতিমন্ত্রী গাড়িতে উঠে নামাজের উদ্দেশ্যে পানি উন্নয়ন বোর্ডের মসজিদে রওনা দেন। সেখানে জুম্মার নামাজ আদায় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আজিজুল হক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) আফজাল হোসেন, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুর রউফ, বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিন, বিশ্বব্যাংকের চলমান নদী সংরক্ষণ কাজের প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান প্রমুখ।