হবিগঞ্জে ডাকাতি, প্রতিবাদে অবরোধ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে শুক্রবার ভোররাতে ডাকাতি হয়েছে।
এ সময় তারা বাড়ির লোকজনকে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, ভোর রাতে প্রবাসী আব্দুল কাইয়ুম জাকির বাড়িতে ডাকাত ঢোকে।
তারা বাসার লোকজনকে মারধর করে নগদ দুই লাখ টাকা, ৪২ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা পালানোর সময় একটি প্রাইভেটকার ফেলে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার প্রতিবাদে ভোর ৪টা থেকে সকাল ৬টা থেকে পর্যন্ত স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধূরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
গৃহকর্তা আব্দুল কাঈয়ুম জাকি বলেন, ডাকাতরা অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে। আমাদের মারধর করে টাকা ও মালামাল নিয়ে যায়।
