জিসিসি নির্বাচন: মেয়র ও কাউন্সিল প্রার্থীদের জরিমানা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রার্থী, কর্মী ও সমর্থকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, টঙ্গী এলাকায় মূদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ও তারিখ বিহীন পোস্টার লাগানোর অভিযোগে বুধবার রাতে ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী জামান ফিরু, ৪৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী গাজী আলাউদ্দিন, একই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বাবু, ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মোসাম্মৎ সাহেরা আক্তার মৌসুমীর সমর্থক হাজী শুক্কুর আলী, ৪৫ নম্বর সাধারণ কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমান, ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী সুভু বেগম, ৪৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শফিকুর রহমানের সমর্থক কামাল হোসেনকে এবং একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহা আলমের সমর্থক দেলোয়ার হোসেনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একাধিক রংয়ের প্রতীক ব্যবহার অভিযোগে ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মনসুরুল আলম মৃধাকে পাঁচ হাজার টাকা এবং গাড়িতে আঠা দিয়ে পোস্টার লাগানোর অভিযোগে মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একাধিক রংয়ের প্রতীক ব্যবহার করার অভিযোগে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আউয়াল, আব্বাস উদ্দিন, নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বাবুলের সমর্থক শহিদুল ইসলাম, একই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মামুন রেজার সমর্থক জুলহাস উদ্দিনকে সাত হাজার টাকা, রাজনৈতিক পরিচয় সম্বলিত পোস্টার বহন, যানবাহনে রঙ্গিন হাঁস ব্যবহার ও নির্বাচনী ক্যাম্পে টেলিভিশন ব্যবহার করার অভিযোগে ৪৮ নম্বর ওয়ার্ডে মেয়রপ্রার্থী মেজবাহ উদ্দিন সরকারের সমর্থক মাহিন, মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন সরকার ও মেয়র প্রার্থী অধ্যাপক এমএ মান্নানের সমর্থক কুদ্দুছ মিয়াকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসব ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের হাসান, মো. শরীফুল ইসলাম, অমিত দেবনাথ, মো. মাইন উদ্দিন, মোহাম্মদ আবদুল ছালাম।
