২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার পক্ষে সাক্ষীর তালিকায় সালমান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষীদের তালিকা ট্রাইব্যুনালে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এই তালিকায় দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমানের নাম রয়েছে। তিনি আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সালমান রহমান।

বাকি সাফাই সাক্ষীরা হলেন- উচ্চ আদালতের বিচারপতি শামীম হাসনাইন, সাবেক বিচারপতি মঈনুর রেজা চৌধুরীর ভাই ও এশিয়া প্যাসিফিক ‌ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং নিজাম আহমেদ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মামলার প্রথম সাফাই সাক্ষী হিসেবে গত ১৭ জুন থেকে সাক্ষ্য দিচ্ছেন সালাউদ্দিন কাদের। প্রথম দিনের সাক্ষ্যে পারিবারিক ইতিহাস বর্ণনার সময় সালমান রহমানকে নিজের ‘ফার্স্ট কাজিন’ বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার বিকালে ট্রাইবুনাল-১ এর নিবন্ধক একেএম নাসিরুদ্দীনের কাছে সাফাই সাক্ষীর তালিকা জমা দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সালাউদ্দিন কাদেরের আইনজীবীদের অন্যতম মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম আল-ফেসানী।

বিএনপি নেতার আইনজীবী একেএম ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাফাই সাক্ষীদের হাজির হতে আদালতের সমন জারির আবেদন করেছেন তারা।

গত ১৩ জুন এ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সাফাই সাক্ষীর সংখ্যা পাঁচজনে সীমিত করে সাক্ষীদের নামের তালিকা জমা দেয়ার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে জমা দেয়া সাফাই সাক্ষীর তালিকায় ১ হাজার ১৫৩ জনের নাম ছিল।

সোমবার ষষ্ঠ দিনের মতো সাক্ষ্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবারও অসুস্থ থাকায় তার সাফাই সাক্ষ্য গ্রহণ আগামী রোববার পর‌্যন্ত মুলতবি হয়।

রোববার তিনি অসুস্থ থাকলে বা সাক্ষ্য দিতে না পারলে দ্বিতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলেও আদালতের আদেশ রয়েছে।

গত ১৪ মে থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ৪১ জন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।