থ্রি জি নিলাম পেছাচ্ছে না: মুহিত
থ্রি জি নিলাম পেছাতে গ্রামীণফোন আবেদন করলেও তাতে সরকারের সমর্থন মিলছে না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বলেছেন, “গ্রামীণফোন বলেছিল, গ্রামীণ ব্যাংক বিষয়ে গঠিত কমিশনের রিপোর্টের সুরাহা না হওয়া পর্যন্ত তারা থ্রি জি নিলামে অংশ নেবে না।
“কিন্তু আমরা তাদের এ প্রস্তাব গ্রহণ করব না। কারণ সরকারকে তারা (গ্রামীণফোন) এটা বলতে পারে না। কমিশন সরকারের কিছু না।”
থ্রি জি’র নিলাম সময়মতোই হবে বলে জানান মুহিত। ১ সেপ্টেম্বর থেকে থ্রি জি’র নিলাম অনুষ্ঠানের কথা রয়েছে।
“তবে বিটিআরসি শিডিউল কিছুটা পরিবর্তন করবে,” বলেন মুহিত।
তিনি বলেন, “টু জি’র ক্ষেত্রে রবি ছাড়া সবারই আগাম ভ্যাট দেয়া আছে। তাদের বলেছি, যাদের আগাম ভ্যাট দেয়া আছে, সেগুলো সবই সমন্বয় করা হবে।”
সকালে এ বিষয়ে আলোচনা করতে অর্থমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে দেখা করেন টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
গ্রামীণ ব্যাংকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “গ্রামীণ ব্যাংককে একটা নিয়ন্ত্রক সংস্থার অধীনে আনা হচ্ছে। সে বাংলাদেশ ব্যাংক হোক আর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিই হোক, কারোর না কারোর অধীনে থাকতে হবে।”
“তাদেরকে(গ্রামীণ ব্যাংক) কে রেগুলেট করবে, তা ঠিক করাই কমিশনের মূল কাজ। সেটা তারা সুপারিশ করবে।”
