২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপক্ষীয় সহযোগিতা চান নেপালি বিলিওনিয়ার

ফোর্বস ম্যাগাজিনের বিলিওনিয়ারের তালিকায় আসা প্রথম নেপালি ব্যবসায়ী বিনোদ চৌধুরী ঢাকা যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কলকাতা প্রতিনিধি, বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

সামাজিক ব্যবসা সংক্রান্ত একটি সম্মেলনে অংশগ্রহণ তার এ সফরের মূল উদ্দেশ্য হলেও বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনা করতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ, নেপাল, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন তিনি।

সফরে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়ে বিনোদ চৌধুরী বলেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান তার ঘনিষ্ঠ বন্ধু। তার আমন্ত্রণও এ সফরে আসার জন্য উৎসাহ যুগিয়েছে।

এছাড়া তার ঢাকা সফরের সময় ঢাকায় নেপালি দূতাবাস ‘নেপালে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শিরোনামের একটি সভার আয়োজন করছে, যেখানে ব্যবসায়ী নেতারা থাকবেন।

বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার এবং নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনা- ইত্যাদি বিষয়ে মতামত জানতে চাইলে বিনোদ চৌধুরী বলেন, প্রতিটি ক্ষেত্রেই ভারত, বাংলাদেশ ও নেপালের সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং এক্ষেত্রে আরো যৌক্তিক মনোভাব নিয়ে সবাইকে এগোতে হবে।

“সার্ক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সার্বিক পরিস্থিতির উন্নতি না হলে এটা শুধু পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যেতে পারে।”

এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির জন্য রাজনৈতিক সহিংসতা বন্ধের ওপর গুরুত্বারোপ করেন নেপালের এই ব্যবসায়ী।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

প্রতিটি দেশকেই জাতীয় শিল্প উৎপাদন টিকিয়ে রাখতে হবে বলে মনে করেন বিনোদ চৌধুরী।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ভারত ও চীন থেকে সস্তা পণ্য আসায় সার্কভুক্ত অন্য দেশগুলোর স্থানীয় শিল্প হারিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে উৎপাদন সক্ষমতা।

“আমার আশঙ্কা এমন একদিন আসতে পারে, যখন আমাদের অভিন্ন বাজার থাকবে কিন্তু রপ্তানি করার মতো কিছু থাকবে না।”

গত মার্চে এক বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বস সাময়িকীর বিলিওনিয়ারের তালিকায় ঢোকেন বিনোদ চৌধুরী। দেশে প্রথম ডিপার্টমেন্টাল স্টোর খোলে তার প্রতিষ্ঠান। চৌধুরী গ্রুপ ও সিঙ্গাপুরভিত্তিক সিনোভেশন গ্রুপের মাধ্যমে বর্তমানে ব্যাংকিং, খাদ্য, সিমেন্ট, রিয়েল এস্টেট, হোটেল, বিদ্যুৎ ও ইলেক্ট্রনিক্স খাতে ব্যবসা বিস্তার করেছেন বিনোদ।