সিলেটে ৮ জনের যাবজ্জীবন
একটি জোড়া খুনের মামলায় আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত
এছাড়া আরো চার জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ছাতকের বৌলা গ্রামের আব্দুস শহীদ, আব্দুস সোবহান, আবুল কাওছার, সোনা মিয়া, লাল মিয়া, আব্দুল্লাহ, হিরা মিয়া ও নিন্দু মিয়া।
এছাড়া এ আট জনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
এদের মধ্যে আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই জনকে ১০ বছরের কারদণ্ড, দুই জনকে এক মাসের কারাদণ্ড এবং চার জনকে বেকসুর খালাস দেয়া হয়।
১০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন টেন্ডল মিয়া ও সামসুল হক। এদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
এছাড়া এক মাসের সাজা হয়েছে চন্দন মিয়া ও শাহীন মিয়ার।
সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ১৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের হালুককুড়ি বিলে প্রতিপক্ষের হামলায় আহত হন ফারুক মিয়া ও আকল মিয়াসহ চার সহোদর।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর বৌলা গ্রামের প্রয়াত আব্দুস সামাদের ছেলে ফারুক মিয়া ও আকল মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় মসজিদের তৎকালীন মতওয়াল্লি খলিলুর রহমান বাদী হয়ে কোম্পনীগঞ্জ হত্যা মামলা দায়ের করেন।
২০০৮ সালের ৮ জুলাই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মনোজ কান্তি দাস।
মামলায় ৩২ সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
