নিখোঁজ মাছ ব্যবসায়ীর লাশ ড্রেন থেকে উদ্ধার
রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেক্টরের ড্রেন থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মাছ ব্যবসায়ী গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১২ নম্বর সড়কের এক নম্বর সড়কের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নিহত খলিলুর রহমান (৪০) পল্লবীর আদর্শনগর এলাকায় মাছ বিক্রি করতেন। থাকতেন ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে। গ্রামের বাড়ি শরিয়তপুরের শখিপুরের তারাবুনিয়ায়।
খলিলের ছোট ভাই মোশারফ হোসেন মুসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গত ২১ জুন বিকাল ৫টার দিকে তার ভাই ভাড়া বাসা থেকে বের হন।
ওই দিন রাত ১০টার দিকেও তাকে পল্লবী এলাকায় দেখা গেছে বলে এলাকাবাসী স্বজনদের জানিয়েছেন।
তিনি জানান, রাতে খলিল বাসায় ফিরে আসেননি। তার সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন পল্লবী থানায় তার বড় ভাই বাচ্চু একটি সাধারণ ডায়েরি করেন।
মুসা বলেন, সকালে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর পাঠান। তিনি ঘটনাস্থলে পৌঁছে তার ভাইয়ের লাশ সনাক্ত করেন।
পল্লবী থানার উপপরিদর্শক এমাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি প্রায় পঁচে গেছে। এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।
ময়নাতন্তে জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
