ফুলবাড়ীতে গৃহবধুর উপর এসিড হামলার অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পানাল গুচ্ছ গ্রামের এ ঘটনায় দগ্ধ রওশন আরাকে(৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ এসিড ছুড়ে পালিয়ে গেছে বলে অভিযোগ রওশন আরার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বচসা হয় পাশের বাড়ির অফিউদ্দিন ঝুলুর সঙ্গে। এর জের ধরে অফিউদ্দিন ঝুলুর ছেলে মশিবুল রাত ৮টার দিকে তার শরীরে পানির মত কিছু ছুড়ে দিয়ে পালিয়ে যায়।
এ সময় রওশন তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ছিলেন। তীব্র যন্ত্রনায় বাড়ির সামনে পুকুরে লাফ দেন বলেও জানান।
রওশনের স্বামী হাবিবুর রহমান জানান, রাতেই তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ঘটনার সময় বাড়িতে রওশন একা ছিল বলেও তিনি জানান।
এদিকে হাসাপাতালের চিকিৎসক ডা. এটিএম জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসিডে যে ধরণের ক্ষত সৃষ্টি হয় রওশনের ক্ষেত্রে সেটা পাওয়া যায়নি। এটি এসিড কিনা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
এ বিষয়ে ফুলবাড়ী সার্কেলের এএসপি সুশান্ত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি মৌখিক অভিযোগ পেয়ে বুধবার দুপুরে পুলিশ পাঠানো হয়েছে।
