২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রার্থী-সমর্থকদের জরিমানা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে পাঁচ জন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার মুখে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার নির্বাচনের সহকারি রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আগের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের হাসান, মো. আসাদুজ্জামান, আজগর আলী, মো. মইন উদ্দিন, মেহেদী হাসান ও মোহাম্মদ আবদুচ ছালামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

তিনি জানান, টঙ্গী এলাকায় মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও তারিখহীন পোস্টার লাগানোয় ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ মো. আলেক ও মো. লিটনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দেয়ালে পোস্টার ও প্রচারপত্র লাগানোয় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আহম্মদ আলী ও আব্দুল্লাহ আল মামুনকে ১০ হাজার টাকা এবং শতাধিক মানুষ নিয়ে মিছিল করায় ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লংঘনের জন্য বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের সমর্থক মাহবুব আলম ও হারেজ আলীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। মান্নানের পক্ষে টঙ্গীতে শোভাযাত্রার আয়োজন করেন হারেজ। আর মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও তারিখহীন পোস্টার লাগান মাহবুব।

এদিকে, ভোগড়া এলাকায় দেয়ালে পোস্টার ও প্রচারপত্র লাগানোর জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সমর্থক শাহীনকে চারশ’ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও তারিখহীন পোস্টার লাগানোয় ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী শাহাবুদ্দিন ভোদরের সমর্থক শ্যামলকে তিন হাজার টাকা জরিমানা করা হয় বলে সহকারি রিটার্নিং কর্মকর্তা জানান।

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কাউন্সিলরদের বাছাই করে নিতে ভোটগ্রহণের কথা রয়েছে।