২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নদীতে ডুবে বাংলাদেশির মুত্যু

যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নদীতে ডুবে মারা গেছেন এক বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

নিহত নাসির আলম (২৫) ওই রাজ্যের ইস্ট হার্টেফোর্ডে থাকতেন। তার বাড়ি বরিশালে, বাবার নাম শাহ আলম।  

স্থানীয় বাংলাদেশিরা জানান, গত ১৮ জুন ফার্মিংটন নদীতে বন্ধুদের সঙ্গে ভ্রমণের সময় নৌকা উল্টে নিখোঁজ হন নাসির। ওই সময় নৌকার অন্য সাত আরোহীকে উদ্ধার করা গেলেও নাসিরকে পাওয়া যায়নি।

নৌকায় নাসিরের সহযাত্রী রিচার্ড সিজুপরিনস্কি পুলিশকে জানান, প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। ঢেউ তাদের বিভিন্ন দিকে সরিয়ে নেয়।

অনেক খোঁজাখুজির পর গত সোমবার সন্ধ্যায় নাসিরের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট মার্শাল পর্টার সাংবাদিকদের বলেন, নদীতে প্রবল ঢেউ থাকায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়েছিল। এই কাজে তাই হেলিকপ্টারও ব্যবহার করা হয়।  

গত মঙ্গলবার বিকালে নাসিরের জানাজায় স্থানীয় বাংলাদেশিরা অংশ নেন।

নাসিরের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেটিকাটের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান কামাল।