সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাঘশুমারি
সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তি’ আছে জানিয়ে বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন প্রকৃত সংখ্যা নির্ণয়ে আগামী সেপ্টেম্বর মাস থেকে বাঘশুমারি শুরু হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) ও সুন্দরবনস এনভায়রনমেন্টাল এ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি (সিইএএলএস) প্রকল্পের পরিচালক জহির উদ্দিন অহমেদ জানান, ২০০৪ সালে বাঘের পায়ের ছাপ অনুসরণ করে শুমারি করা হয়। এতে সুন্দরবনে বাঘের সংখ্যা উঠে আসে ৪৪০টি। পায়ের ছাপ একাধিকবার গণনার কারণে বাঘের প্রকৃত সংখ্যার তারতম্য ঘটে থাকতে পারে।
“আগামী সেপ্টম্বর মাস থেকে ক্যামেরা ফাঁদের মাধ্যমে বাঘশুমারি অনুষ্ঠিত হবে। এ পদ্দতিতে বাঘের সঠিক এবং প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।”
পায়ের ছাপ নিয়ে তৈরি করা শুমারি অনুযায়ী সুন্দরবনের ৪৪০টি বাঘের মধ্যে পুরুষ ১২১টি, স্ত্রী ২৯৮টি এবং ২১টি শাবক রয়েছে। এর মধ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগে ২৭১টি এবং পূর্ব বন বিভাগে ১৬৯টি বাঘ রয়েছে বলে জানান বন কর্মকর্তা জহির উদ্দিন আহমদ।
বুধবার সকালে নগরীর রূপসা বাসস্ট্যান্ড রোডে সিএসএস আভা সেন্টারে সুন্দরবন বিভাগের সক্ষমতা এবং বনের ওপর বনজীবীদের নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে সচেতনতামূলক দিনব্যাপী এক কর্মশালায় জহির এসব কথা বলেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমামুর রশীদ, বন কর্মকর্তা নির্মল কুমার পাল।
সিইএএলএস এ কর্মশালার আয়োজন করে। ১২৭ কোটি ৯২ লাখ টাকার এ প্রকল্পে ইউরোপীয় কমিশন সহায়তা করছে।
