চার সিটিতে ভোটের গেজেট
চার সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সোমবারই তারা গেজেট প্রকাশের জন্য পাঠিয়েছিলেন। বুধবার গেজেটের কপি কমিশনে পৌঁছাতে পারে বলে তারা আশা করছেন।
গত ১৫ জুন বড় কোনো গোলোযোগ ছাড়াই রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে ভোট হয়। এতে রাজশাহীতে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় মো. মনিরুজ্জামান, বরিশালে আহসান হাবীব কামাল ও সিলেটে আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হন।
চার মেয়র ছাড়াও গেজেটে ১১৬ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ৩৮ জন নারী কাউন্সিলরের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচন অসম্পূর্ণ থাকায় রাজশাহী ও সিলেটের দুটি ওয়ার্ডের ফল গেজেটে আসেনি।
রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ইভিএম বিকল হওয়ায় একটি কেন্দ্রের ভোট ২৯ জুন নেওয়া হবে। এজন্যে কাউন্সিলর পদে একজনের ফল এখনো হয়নি।
আর সিলেটের ১৬ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর সমান ভোট পাওয়ায় আবার নির্বাচন হবে। ইসি পরে নির্বাচনের সময় জানাবে।
নির্বাচিতদের নাম ঠিকানাসহ গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ আয়োজনের বিধান রয়েছে। স্থানীয় সরকার বিভাগ তা আয়োজন করবে।
এই নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
