২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় বাবা-ছেলে খুন

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুল ছাত্র ও তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 05:02 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরো নয় জন।

নিহতরা হলেন- গোলাপ খান ও তার ছেলে ইসমাইল খান। ইসমাইল ঘোলখার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ধরখার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে রাতে একই গ্রামের আসমত ও রুসমত আলীর লোকজনের সঙ্গে গোলাপ খানের পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় আসমত আলীর পক্ষের রামদায়ের কোপে গোলাপ ও তার ছেলে ইসমাইলসহ পরিবারের অন্তত ১১ জন আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত গোলাপ ও ইসমাইলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল  এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে ইসমাইল এবং পৌনে ৪টার দিকে গোলাপ মারা যান।

সংঘর্ষে গোলাপ খানের আরো তিন ছেলে, দুই ভাতিজা, এক মেয়ে ও তিন নাতী আহত হয়েছেন। তাদের সবার মাথায় ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে।

আহতদের মধ্যে গোলাপের ছেলে মুজিবুর খান (৪২) এবং মেয়ে মাসুদা খানমকে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- গোলাপ খানের ছেলে শাহীন খান (২৮), আজমির খান (২৪), নাতী খায়রুল খান (১৪),  সাফায়েত খান (১৮), পিন্টু খান (১৫), ভাতিজা মুসলেম খান (৫০) ও আনোয়ার খান (৪৫)। 

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান,  এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।