মাদারীপুর শহর রক্ষা বাঁধে ফাটল
নদীর পানির চাপ অব্যাহতভাবে বৃদ্ধির ফলে মাদারীপুর শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।
এতে বাঁধ সংলগ্ন ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও সমাজসেবা অফিস হুমকির মুখে পড়েছে।
এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে আড়িয়াল খাঁ নদের পানির অব্যাহত চাপে পুরো শহর হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই ধস ও ফাটল বাড়ছে।
অ্যাডভোকেট ও পাবলিক প্রসিকিউটর আহসানুল হক খান টুকু, সাংবাদিক আলী আকবর খোকা জানান, বাড়িঘরসহ অনেক স্থাপনা হুমকির মুখে রয়েছে।
অবিলম্বে মেরামতের উদ্যোগ না নেয়া হলে যেকোনো মুহূর্তে শহর রক্ষা বাঁধ ভেঙে যেতে পারে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার তৌহিদুর রহমান জানান, শহর রক্ষা বাঁধের ফাটল রোধে প্রয়োজনীয় ডিজাইন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ বিসয়ে দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা ফাটল মেরামতে প্রয়োজনের তুলনায় খুবই কম।
তবে প্রাপ্ত ফান্ড দিয়ে কাজ চালানো হচ্ছে বলে তিনি জানান।
