২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডার সন্ত্রাস: ৫২ জনকে রিমান্ডে চায় পুলিশ

রেলের টেন্ডার নিয়ে চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৫২ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি একেএম মহীউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ৫২জনকে মঙ্গলবার মহানগর হাকিম আদালতে হাজির করে এই আবেদন করা হয়েছে। 

রিমান্ডের শুনানির জন্য ছাত্রলীগ-যুবলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের বেলা সাড়ে ১২টার দিকে আদালতে নেয়া হয় বলে জানান তিনি।

ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের দুটি পক্ষ সোমবার দুপুরে চট্টগ্রামের সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে এক শিশু ও এক পথচারী নিহত হন। 

এরপর নগরীর সিআরবি, নন্দনকাননসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, কমার্স কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমত আলী রাসেলও রয়েছেন।

তারা সবাই মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান যুবলীগ নেতা দিদারুল আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েল অ্যাসোসিয়েটসের পক্ষে দরপ্রস্তাব জমা দিতে সিআরবিতে যান। সেখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

গ্রেপ্তর ৫২ জনের মধ্যে বাবরের অনুসারী ২১ নেতাকর্মীও রয়েছেন।

সংঘর্ষের পর ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার কথা অস্বীকার করা হলেও বিকালে সাইফুল আলম লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মহিবুর রহমান রাতে দাঙ্গা ও হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন। এতে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়।

এজাহারে যাদের নাম রয়েছে, তাদের ৩৫ জন পলাতক রয়েছেন বলে পরিদর্শক নেজামউদ্দীন জানান।

পুরনো খবর:

টেন্ডার নিয়ে গোলাগুলিতে প্রাণ গেল শিশুসহ দুজনের