কিশোরগঞ্জে দ্বিধাবিভক্ত আ. লীগ নেতাকর্মী
কিশোরগঞ্জ উপনির্বাচনে দলের দুজন প্রতিদ্বন্দ্বী হওয়ায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দলের মনোনীত প্রার্থী হলেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম অসীম।
আগামী ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) নির্বাচন হবে।
স্পিকার মো. আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ায় তার এ আসনটি শূন্য হয়।
রাষ্ট্রপতিপুত্রকে আওয়ামী লীগ মনোনয়ন দিলেও বিদ্রোহী মহিতুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।
তাই উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেই তিনি নির্বাচন করছেন। এর প্রভাব পড়ছে নেতাকর্মীদের মাঝে।
নির্বাচনী প্রচারে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিরাট অংশ সৈয়দ অসীমের পক্ষে অংশ নিচ্ছেন।
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেমস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের প্রার্থী হচ্ছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক। শৃংখলাভঙ্গের অভিযোগে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সৈয়দ অসীমকে বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটিতে পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. এ. আফজল বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে ঐক্যবদ্ধ। সৈয়দ অসীমকে বহিষ্কারের ক্ষমতা গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটির নেই।
“আমরা তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করেছি,” বলেন তিনি।
অষ্টগ্রাম শ্রমিক লীগের সভাপতি জুল জালাল খান বলেন, তৌফিক কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। আর অসীম দীর্ঘদিন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মাস্টার বলেন, “আওয়ামী লীগ তৌফিককে মনোনয়ন দিয়ে ভুল করেছে। আমরা স্বতন্ত্র প্রার্থীকেই বিজয়ী করে তা প্রমাণ করব।”
কিশোরগঞ্জ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে সদ্য পদত্যাগকারী অসীমের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান বলেন, অসীম দীর্ঘদিন যাবত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারপরও দলীয়ভাবে তার নাম আলোচিত হয়নি। তাকে দলীয় মনোনয়নপত্র পর্যন্ত কিনতে দেয়া হয়নি।
“আমার মনে হয়েছে দলের মধ্যে গণতন্ত্র না থাকার বিষয়টি এবার প্রমাণিত হয়েছে। এর প্রতিবাদে আমি আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্যপদ ত্যাগ করেছি,” বলেন অ্যাডভোকেট শাহজাহান।
সৈয়দ মহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে, আমাকে দলীয় মনোনয়নপত্রটা পর্যন্ত কিনতে দেয়া হয়নি। তাই জনগণের ইচ্ছা ও আকাঙ্খার প্রতি সম্মান রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।”
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান।
