তথ্যমন্ত্রীর বাড়িতে হামলা: তিতুমীরের দুই ছাত্র গ্রেপ্তার
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহবুবুলকে প্রথমে একটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পল্লবীর রূপনগর থেকে আকিলকে গ্রেপ্তার করা হয়।
মাহবুবুলের সঙ্গে থাকা মোটর সাইকেলটি গত ৯ জুন হাতবোমা নিক্ষেপের সময়ও ব্যবহার করা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছে তারা।
মাহবুবুল তিতুমীর কলেজে থেকে এ বছর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং আকিল ম্যানেজমেন্টে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন।
তারা কোন দলের অনুসারী জানতে চাইলে তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
গত ৯ জুন দুপুরে জামায়াতের হরতালের আগের দিন রাজধানীর দারুস সালাম এলাকায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি লক্ষ্য করে পর পর কয়েকটি হাতবোমা ফাটানো হয়।
পরে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় মন্ত্রীর বাসভবনের ক্ষতি হলেও কেউ আঘাত পাননি। মন্ত্রীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা হামলার সময় বাসার ভেতরেই ছিলেন।
পাঁচতলা ওই ভবনের নিচতলায় জাসদ সভাপতি ইনুর ব্যক্তিগত অফিস। পরিবার নিয়ে তিনি থাকেন ওই বাড়ির দোতালায়। আর তৃতীয় তলায় ইনুর বোন এবং চতুর্থ ও পঞ্চম তলায় নিকট আত্মীয়রা থাকেন।
