২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যামামলায় আরেকজনের সাক্ষ্য

লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন গাইবান্ধার ব্যবসায়ী জামিল উদ্দিন মণ্ডল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

তিনি গাইবান্ধার সাঘাটার স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি এই মামলার আসামি নূর মোহাম্মদ শামীমকে সনাক্ত করেছিলেন।

সোমবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন জামিল।

বিচারক এ এম এইচ হাবিবুর রহমান ভূইয়া আগামী ১১ জুলাই সাক্ষ্য নেয়ার পরবর্তী দিন ঠিক করেছেন।

গত ২২ মে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রকাশনা সম্পাদক এবং মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এই মামলায় সাক্ষ্য দেন।

এর আগে এই মামলায় সাক্ষ্য দেন কবি রফিক আজাদ, কবি হাবিবুল্লাহ সিরাজী, হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ, হুমায়ুন আজাদের ভাই সাজ্জাদ কবির, ফটো সাংবাদিক ইফতেখার উদ্দিন আহমেদ পাভেল ও রিকশাচালক সাইফুর রহমান প্রমুখ।

এ মামলার নথিপত্রে দেখা যায়, রাষ্ট্রপক্ষে রাজধানীর পল্লবী এলাকার আসলাম, ইউসুফ, আব্দুর রশিদ, নান্নু, মুন্সীগঞ্জের শ্রীনগরের উত্তরগাঁওয়ের সুজন সাক্ষ্য দেয়ার জন্য আদালতের সমন পেলেও আদালতে আসছেন না।

মামলার সাক্ষী কবি বদরুল হককেও সমন পাঠানো হবে।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো পাশের ফুটপাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদ।

হুমায়ুন আজাদের ওপর চরমপন্থী ইসলামী জঙ্গিরা এই হামলা চালিয়েছিলো বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

কয়েক মাস চিকিৎসা নেয়ার পর ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রথমে একটি একটি হত্যাচেষ্টা মামলা হলেও সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যামামলায় পরিণত হয়।

গত বছরের  ১০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়।

আসামিরা হলেন- মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল  আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল।

আসামিরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। আসামিদের মধ্যে নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু পলাতক আছেন।

হুমায়ুন আজাদের বিরুদ্ধে বিভিন্ন ওয়াজে বিষোদগার করা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রথমে আসামি করা হলেও পরে বাদ দেয়া হয় তাকে।

পুরনো খবর:

হুমায়ুন আজাদ হত্যামামলায় রফিক আজাদের সাক্ষ্য
হুমায়ুন আজাদ হত্যা মামলায় স্ত্রীর সাক্ষ্য