২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যা মামলায় স্ত্রীর সাক্ষ্য

হুমায়ুন আজাদ হত্যায় স্ত্রীসহ আরো তিন জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

লতিফা কহিনূর খানম ছাড়া রোববার এই মামলায় সাক্ষ্য দেন কবি মোহন রায়হান ও কবি-সাংবাদিক নাসির আহমেদ।

এ নিয়ে মামলাটিতে ছয় জনের সাক্ষ্য নেয়া হল।

এর আগে গত ১ জানুয়ারি হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির এবং গত ১৭ জানুয়ারি আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র বর্তমানে আইনজীবী  এসএম শফিকুর রহমান আশিক সাক্ষ্য দেন।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূইয়া লতিফা কহিনুরসহ তিনজনের সাক্ষ্য নেন।

তবে ওই তিন সাক্ষীকে আদালতে কোনো জবানবন্দি দিতে হয়নি। মামলার বাদী হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির জবানবন্দিতে যা বলেছেন, ওই একই বক্তব্য নিজেদেরও বলে আদালতকে জানান তিন সাক্ষী।

আগামী ১৮ মার্চ মামলাটিতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

শুনানিকালে আসামি জেএমবি সূরা সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিব ওরফে তাওহিদ, হাফিজ মাহমুদ ওরফে রাকিব ওরফে হাসান, মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শাওন ও আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহীদকে কারাগার থেকে আদালতে আনা হয়।

মামলার অপর আসামি নূর মোহাম্মাদ ছাবু পলাতক। গত বছর ১০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে একই আদালত।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি  একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর উল্টাদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ।

হামলায় পর তিনি ২২ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেন।

২০০৪ সালের ১২ অগাস্ট জার্মানিতে মারা যান বহুমাত্রিক এই লেখক। ওই হামলাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে এটি হত্যামামলা হিসেবে গৃহীত হয়।