১৮ বুদ্ধিজীবী হত্যার অভিযোগ ‘তাদের’ বিরুদ্ধে
বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যার ১১ অভিযোগে একাত্তরের আলবদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ১৫ জুলাই প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইবুনাল-২ সোমবার বিদেশে অবস্থানরত এ দুই ব্যক্তির অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করে।
এতে বলা হয়, ১৯৭১ সালে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশায় স্বাধীনতার ঠিক আগে ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘দায়িত্বপ্রাপ্ত’ আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন আশরাফুজ্জামান খান। আর চৌধুরী মাঈনুদ্দীন ছিলেন সেই পরিকল্পনার ‘অপারেশন ইনচার্জ’।
তারা দুজনেই জামায়াতে ইসলামীর তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ‘সক্রিয় অবস্থান’ নেন।
চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান
>> প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের নির্দেশে ৭-৮ জন সশস্ত্র আলবদর সদস্য সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনকে তার চামেলীবাগের বাড়ি থেকে অপহরণ করে ইপিআরটিসির একটি মিনিবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে তার মৃতদেহ আর পাওয়া যায়নি।
>> ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ওই দুই বদর নেতার উপস্থিতিতে ৮-১০ জন সশস্ত্র আলবদর সদস্য পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের (পিপিআই) প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের স্টাফ রিপোর্টার সৈয়দ নাজমুল হকের পুরানা পল্টনের বাসায় যায়। তারা জোর করে বাসায় ঢুকে বন্দুকের মুখে নাজমুলকে ইপিআরটিসির একটি মিনিবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। তার মৃতদেহও আর পাওয়া যায়নি।
>> ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের নির্দেশে আলবদর সদস্যরা দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক এএনএম গোলাম মুস্তাফাকে তার গোপীবাগের বাসা থেকে বের করে একটি মিনিবাসে তোলে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়।
>> ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ওই দুইজনের নির্দেশে আলবদর সদস্যরা পিপিআইয়ের মহাব্যবস্থাপক ও বিবিসির প্রতিবেদক নাজিম উদ্দিন আহমেদের কলতাবাজারের বাসায় যায়। তাকে সেখান থেকে আলবদর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং হত্যা করা হয়। তার মৃতদেহও আর পাওয়া যায়নি।
>> ১৩ ডিসেম্বর আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের উপস্থিতিতে একদল সশস্ত্র আলবদর সদস্য দৈনিক শিলালিপির সম্পাদক সেলিনা পারভীনকে নিউ সার্কুলার রোডের বাসা থেকে বন্দুকের মুখে অপহরণ করে। একটি মিনিবাসে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর ১৭ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে তার মৃতদেহ পাওয়া যায়।
>> ১৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে পৌনে ১০টার মধ্যে দুই আলবদর নেতার উপস্থিতিতে পাঁচ-ছয়জন সশস্ত্র সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, ড. সিরাজুল হক খান, ড. মো. মর্তুজা, ড. আবুল খায়ের, ড. ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা ও ড. সন্তোষ ভট্টাচার্যকে তাদের বাসা থেকে বন্দুকের মুখে অপহরণ করে। একটি মিনিবাসে তুলে তাদের মিরপুর বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়।
অভিযুক্ত আশরাফুজ্জামানের নাখালপাড়ার বাসা থেকে উদ্ধার করা ব্যক্তিগত দিনপঞ্জিতে ‘বুদ্ধিজীবী হত্যা’র পরিকল্পনায় অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের নাম পাওয়া যায়।
>> ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের উপস্থিতিতে সশস্ত্র আলবদর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর বাসায় ঢুকে পড়ে। এ সময় অধ্যাপক মোফাজ্জলের ভাই তখনকার বাংলা বিভাগের ছাত্র মাঈনুদ্দীনের মুখের কাপড় টেনে খুলে ফেললে তার পরিচয় প্রকাশ পেয়ে যায়।এরপর অধ্যাপককে জোর করে অজ্ঞাতস্থানে নিয়ে হত্যা করা হয়।
শহীদ এ বুদ্ধিজীবীর মৃতদেহ পাওয়া যায়নি। আশরাফুজ্জামানের দিনপঞ্জিতে অধ্যাপক মোফাজ্জলের নামও ছিল।
>> ১৪ ডিসেম্বর দুপুরে ওই দুই আলবদর নেতার নির্দেশে আলবদর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নাট্যকার মুনীর চৌধুরীকে তার সেন্ট্রাল রোডের বাসা থেকে বন্দুকের মুখে অপহরণ করে এবং অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে। শহীদ এ বুদ্ধিজীবীর মৃতদেহ পরে পাওয়া যায়নি।
একই দিন সন্ধ্যা ৬টায় অভিযুক্ত দুই ব্যক্তির উপস্থিতিতে ৫/৬ জন সশস্ত্র আলবদর সদস্য দৈনিক সংবাদের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ কায়সারকে কায়েতটুলীর বাসা থেকে তুলে নিয়ে যায়। মিনিবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে তাকেও হত্যা করা হয়। শহীদুল্লাহ কায়সারের মৃতদেহও আর খুঁজে পাওয়া যায়নি।
>> ১৫ ডিসেম্বর দুপুরে আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের উপস্থিতিতে আলবদর সদস্যরা চিকিৎসক মো. ফজলে রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বন্দুকের মুখে অপহরণ করে মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজে আলবদর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে তাকে হত্যা করা হয়। স্বাধীনতার পর ১৮ ডিসেম্বর শহীদ এ চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়।
>> ১৫ ডিসেম্বর বিকালে সশস্ত্র আলবদর সদস্যরা দুই অভিযুক্তের নির্দেশে চিকিৎসক আলিম চৌধুরীর পুরানা পল্টনের বাড়িতে যায়। এরপর আলিম চৌধুরীকে বন্দুকের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। স্বাধীনতার পর রায়েরবাজার বধ্যভূমিতে আলিমের চোখ বাঁধা লাশ পাওয়া যায়। তার স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী পরে জানতে পারেন, সেদিন আলবদর বাহিনীর নেতৃত্বে ছিলেন চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান।
আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। আর চৌধুরী মাঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।
আশরাফুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং চৌধুরী মাঈনুদ্দীন যুক্তরাজ্যে রয়েছেন।
