২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যার’ আলামত আরিফের ময়না তদন্তে

বরিশাল নগরীর সাগরদি এলাকার সেফা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আরিফুর রহমানের ময়না তদন্ত প্রতিবেদনে ‘হত্যার’ আলামত পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 01:13 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সোমবার দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ফরেনসিক বিভাগের প্রধান আক্তারুজ্জামান কলেজ অধ্যক্ষের কাছে ময়না তদন্তের প্রতিবেদন জমা দেন।

আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফের ময়না তদন্তের প্রতিবেদনে হত্যার আলামত রয়েছে। তার মাথা, ঘাড় ও হাতে আঘাতের চিহৃ রয়েছে। ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে।”

শেবাচিম এর অধ্যক্ষ শহীদুল ইসলাম জানান, আরিফের ময়না তদন্তের প্রতিবেদন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

চিকিৎসক আরিফুর রহমানের ভাই প্রকৌশলী আনাম হাফিজ মুন্সিগঞ্জ থেকে মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা আইনি পদক্ষেপ নেবেন।

কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আরিফুর রহমানের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে আরিফের লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় হাসপাতাল থেকে মিরাজ (২৪) ও বাবন (২৩) নামে সেফা ডায়াগনোস্টিক সেন্টারের দুই কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।

ঘটনার পর থেকে সেফা ডায়াগনোস্টিক সেন্টারের মালিক শাহিনসহ সকল কর্মকর্তা-কর্মচারী পলাতক রয়েছেন।

আরিফুর রহমানের হত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শেবাচিম এর শিক্ষক-শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃব্য রাখেন শেবাচিম এর উপাধ্যক্ষ মাকসুমুল হক, বিএমএ এর  জেলা শাখার সভাপতি ইসতিয়াক হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাহিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি কামরুল হাসান সেলিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এম সারওয়ার প্রমুখ।

এ সময় বক্তারা আরিফুর রহমানের ‘হত্যাকারীদের’ গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

আরিফুর রহমান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আলীমপুর এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।