২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভারতীয় কাপড়সহ আটক ২

বাগেরহাট-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় কাপড়সহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার ভোরে মহাসড়কের গোপালগঞ্জের বেতগ্রাম এলাকায় একটি ট্রাক থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার সদর উপজেলার উত্তর কাটিয়া গ্রামের প্রভাস মণ্ডলের ছেলে ট্রাকচালক মো. আব্দুর রহমান (২৮) এবং একই উপজেলার খাবসা গ্রামের আসাদুজ্জামানের ছেলে চালকের সহকারী সোহাগ হোসেন (২৮)।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে সাতক্ষীরা থেকে অবৈধ ভারতীয় কাপড় নিয়ে একটি ট্রাক ঢাকায় যাচ্ছে।

ট্রাকটি বেতগ্রাম এলাকায় আসলে কোস্টগার্ড সদস্যরা তাতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ ১৫ হাজার টাকা।

এ সময় চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। কাপড়ের প্রকৃত মালিক কে তা জানায়নি আটককৃতরা।

কাপড়সহ আটককৃতদের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।