২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক্তার ছেলে দেখেছে, রক্তক্ষরণ হয়নি: ডেপুটি স্পিকার

স্পিকার না হওয়ায় ডেপুটি স্পিকারের ‘স্বপ্নভঙ্গ’ হয়েছে বলে বিরোধীদলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের জবাব দিয়েছেন শওকত আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সোমবার জাতীয় সংসদে অধিবেশন পরিচালনার সময় ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “গতকাল একজন সংসদ সদস্য বলেছেন, আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে।

“আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার ছেলে ডাক্তার, সে পরীক্ষা করে দেখেছে। আমার বুকে কোনো রক্তক্ষরণ হয়নি।”

এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ নেতা শেখ হাসিনাকে মৃদু হাসতে দেখা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে অধিবেশন কক্ষে ঢোকেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, “আমার ব্যক্তিগত কৈফিয়ত দেয়ার সুযোগ নেই। তবুও বলছি।”

আগের দিন বিএনপির রেহানা আক্তার রানু বাজেটের ওপর সাধারণ আলোচনায় বলেন, “ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল স্পিকার হওয়ার, উনার সে স্বপ্ন ভঙ্গ হয়েছে; হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।”

জিল্লুর রহমানের মৃত্যুর পর নবম সংসদের স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ায় গত এপ্রিলের শেষদিকে ১৩তম স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।