আদালতের নির্দেশে সম্মান পেলেন মুক্তিযোদ্ধা
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় হাই কোর্টের নির্দেশে কবরে গার্ড অব অনার দেয়া হল নড়াইলের এক মুক্তিযোদ্ধাকে।
সোমবার দুপুরে নড়াগাতির নলামারা গ্রামে মুক্তিযোদ্ধা মো. ময়েনুদ্দিনের কবরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয় জেলা পুলিশের একটি দল।
গত ১০ জুন মৃত্যু হয় ময়েনুদ্দিনের। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় ১৩ জুন হাই কোর্ট স্বপ্রণোদিত হয়ে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরণোত্তর গার্ড অব অনার প্রদানের নির্দেশ দেয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, “হাইকোর্টের নির্দেশে মুক্তিযোদ্ধা মো. ময়েনুদ্দিনের কবরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরণোত্তর গার্ড অব অনার প্রদান করা হয়েছে।”
নিহতের মেয়ে নাজমা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে গত ১০ জুন নিজ বাড়িতে তার বাবার মৃত্যু হয়।
রাষ্ট্রীয়ভাবে দাফনের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা নড়াগাতি থানায় খবর দেয়। কিন্তু দাফনের সময় পুলিশ না আসায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়নি।
নড়াগাতি থানার ওসি আমীর তৈমুর ইলী দাবি করেন, ঘটনার দিন বৃষ্টির কারণে পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছিল।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না হওয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হলে হাই কোর্ট রুল জারি করে।
রুলে আগামী ৯ জুলাই নড়াগাতী থানার ওসিকে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখা দিতে বলা হয়। পাশাপাশি মো. ময়েনুদ্দিনের কবরে মরণোত্তর গার্ড অব অনার প্রদানের নিদেশ দেওয়া হয়।
