২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডি ক্যাম্পাস নিয়ে বিপাকে ভিকারুননিসা

নতুন করে বাড়ি ভাড়া না পাওয়ায় ধানমণ্ডি শাখা নিয়ে বিপাকে পড়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 09:23 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

বর্তমানে যে ভাড়া বাড়িতে প্রতিষ্ঠানটির ধানমণ্ডি শাখার শিক্ষা কার্ক্রম চলছে তার মেয়াদ আছে আগামী ডিসেম্বর পর্যন্ত। বাড়ির মালিক এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছেন, ডিসেম্বরের পরে ভিকারুননিসাকে বাড়ি ছাড়তেই হবে।

এদিকে এক হাজার সাতশ ছাত্রী নিয়ে ক্যাম্পাস পরিচালনার মতো কোনো বাড়ি ধানমণ্ডি এলাকায় পাচ্ছে না ভিকারুননিসা কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তারা।

সমস্যা সমাধানে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করে একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে এখনো কোনো সমাধান আসেনি।

রাজধানীর বেইলিরোডের মূল ক্যাম্পাসের পাশাপাশি বসুন্ধারা আবাসিক এলাকা ও আজিমপুর ছাড়াও ১৯৯৬ সাল থেকে ধানমণ্ডিতে শাখা পরিচালনা করছে ভিকারুননিসা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুঞ্জুআরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়ার মেয়াদ আছে। এর পরে বাড়ির মালিক আমাদের আর থাকতে দেবে না বলে জানিয়ে দিয়েছেন।

“ধানমণ্ডি এলাকায় বাড়ি খুঁজে পেলে ক্যাম্পাস ধানমণ্ডিতেই রাখা হবে। তবে এখনো কোনো বাড়ি আমরা খুঁজে পাইনি।”

বাড়ি ভাড়া পাওয়া না গেলে ধানমণ্ডি ক্যাম্পাসকে মূল ক্যাম্পাসে নিয়ে আসা হবে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা সে চেষ্টাই চলছে।

এই জটিলতার বিষয়টি শিক্ষামন্ত্রীকেও জানানো হয়েছে উল্লেখ করে মুঞ্জুআরা বলেন, “তবে মন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ দেখছি না। সরকার অস্থায়ীভাবে আমাদের ধানমণ্ডিতে কোনো জমি দিলে আমরা সেখানে কাজ চালাতে পারতাম। পরে একটা স্থায়ী ব্যবস্থা করা যেত।”

অবশ্য ধানমণ্ডিতে থাকা নিয়ে ভিকারুননিসা কর্তৃপক্ষের ‘আন্তরিকতার ঘাটতি’ রয়েছে বলে অভিযোগ করেছেন এবিএম শফিউদ্দিন নামের এক অভিভাবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই বছর আগে বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ দিলেও কর্তৃপক্ষ নতুন করে বাড়ি ঠিক করেনি।

“তারা এখন ধানমণ্ডি ক্যাম্পাসকে প্রধান শাখায় নিতে চায়। আমরা এটা মানব না। কারণ এতে আমাদের অনেক ঝামেলা হবে।

“ভিকারুননিসার পাশেই একটি বেসরকারি হাসপাতাল কয়েক বছরের মধ্যে পাঁচটি প্লট কিনেছে। তারা কেন পারছে না। সরকার কেন এ বিষয়ে সহায়তা করছে না এটাও ভেবে দেখার বিষয়। আমাদের দায়িত্ব দিলে আমরাই বাড়ি ঠিক করে দিতে পারতাম। কিন্তু তারা আমাদের সে দায়িত্ব দিচ্ছে না।”

আরেক অভিভাবক আবু নূর জসিম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি থেকে ক্যাম্পাস সরানো হলে শিক্ষার্থী-অভিভাবকসহ সবাই ঝামেলার মধ্যে পড়বে।

“যেমন করেই হোক ক্যাম্পাস ধানমণ্ডিতে রাখতে হবে। কারণ মেয়েদের কথা বিবচনা করে আমরা ধানমণ্ডির আশেপাশের এলকায় বাসা ভাড়া করেছি, অনেকে ফ্লাটও কিনেছেন। বেইলিরোডে ক্যাম্পাস নেয়া হলে আমাদের সমস্যা হবে।”

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্দের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এ বিষয়ে সবার সঙ্গে কথা বলেছেন। সার্বিক বিষয় সমাধানে একটি কমিটিও করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি বলেন, “ধানমণ্ডি এলাকায় কোনো বাড়ি না পাওয়া গেলে বিকল্প চিন্তা করতে হবে। তবে আমরা বাড়ির মালিককে ভাড়ার সময়সীমা বাড়ানোর বিষয়টি আবারো বিবেচনা করতে বলব।”